স্ত্রী-সন্তানের হাতে প্রাণ গেল ইলিয়াছের

আপডেট : ০৭ অক্টোবর ২০২৪, ০৫:৫৩ পিএম

ফেনীর ছাগলনাইয়ায় মো. ইলিয়াছ (৪৮) নামের এক সিএনজি চালককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তার সন্তান ও স্ত্রীর বিরুদ্ধে। আজ সোমবার সকালে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। গতকাল রবিবার রাতে জেলার ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের পূর্ব পাঠানগড় এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহতের দুই ছেলে শাহ ফরান আসিফ (২০), সাখাওয়াত হোসেন রাকিব (১৮) ও হত্যার ঘটনায় সহযোগিতা করার অভিযোগে নিহতের স্ত্রী কহিনুর বেগম (৪০) ও পুত্রবধূ কামরুন্নাহার পান্নাকে (১৮) আটক করেছে ছাগলনাইয়া থানা—পুলিশ।

নিহতের ভাই মো. ওমর ফারুক বলেন, ইলিয়াছ প্রায় মাদক সেবন করে ঘরে এসে স্ত্রী ও ছেলেদের সঙ্গে মাতলামি করত। রবিবার রাত ৮টার দিকে সে নেশাগ্রস্ত অবস্থায় ঘরে এসে স্ত্রী কহিনুর বেগমকে মারধর করে। এ সময় ইলিয়াছ ও তার ছেলেদের সঙ্গে বাগবিতণ্ডা হয়। রাত ২টার দিকে ইলিয়াছকে তার ছেলেদের হাসপাতালে নিয়ে যেতে দেখা যায়। এ সময় তার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন ছিল তবে পরে কি হয়েছে তা জানা যায়নি। বিষয়টি ছাগলনাইয়া থানা পুলিশকে জানালে সোমবার সকালে তার বসতঘর থেকে মরদেহ উদ্ধার করে মর্গে নেওয়া হয়।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে সন্তানদের ছুরিকাঘাতে বাবার মৃত্যুর বিষয়ে সত্যতা পাওয়া গেছে। নিহতের শরীরে বুক, পিঠ ও কানের নিচে ক্ষতের চিহ্ন রয়েছে। হত্যাকাণ্ডে সহযোগিতা করার অভিযোগে নিহতের স্ত্রী ও পুত্রবধূসহ দুই সন্তানকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত