চট্টগ্রাম নগরে গান গেয়ে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় আরও ২ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। রোববার (৬ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে খুলশীর ঢেবারপাড় এলাকায় অভিযান চালিয়ে মেহেদী হাসান সাগরকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্য মতে জামতলা এলাকা থেকে মো. শান্তকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) মো. শরীফ-উল-আলম।
তিনি জানান, গ্রেপ্তারকৃত দুজন জিজ্ঞাসাবাদে মো. শাহাদাত হোসেনকে হত্যার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। সাগর ভিকটিম শাহাদাত হোসেনকে গত ১৩ আগস্ট মোবাইল ফোনে ডেকে নিয়ে যায়। পরে তাকে অপহরণ করে ভিকটিমের স্ত্রীর কাছে মুক্তিপণ দাবি করে। অন্যদিকে মো. শান্ত ঘটনাস্থলে উপস্থিত থাকার কথা স্বীকার করেছেন। তাদেরকে পাঁচলাইশ থানায় হস্তান্তর করা হয়েছে।
এর আগে ১৩ আগস্ট রাতে নগরের ষোলশহর ২ নম্বর গেইট এলাকায় আখতারুজ্জামান ফ্লাইওভারের খুঁটির সঙ্গে বেঁধে গান গাইতে গাইতে শাহাদাত হোসেন (২৪) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়। পরে তার লাশ ফেলে দেওয়া হয় নগরের প্রর্বত্তক মোড়ে বদনা শাহ মাজার এলাকায়। ১৪ আগস্ট রাত ৯টার দিকে শাহাদাতের লাশ উদ্ধার করে পুলিশ।
ঘটনার মাসখানেক পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কিছু যুবক গান গেয়ে এক যুবককে মারধরের ভিডিও ভাইরাল হলে চাঞ্চল্য সৃষ্টি হয়। পরে পুলিশ জানতে পারে ভিডিওতে মারধরে শিকার হওয়া যুবকই হতভাগ্য শাহাদাত হোসেন।
এ ঘটনায় শাহাদাতের বাবা মো. হারুন বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে পাঁচলাইশ থানায় মামলা দায়ের করেন।
গত ২৪ সেপ্টেম্বর রাতে অভিযান চালিয়ে ঘটনায় জড়িত ফরহাদ আহমেদ চৌধুরী জুয়েল (৪২), আনিসুর রহমান ইফাত (১৯) ও ১৬ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে তারা জানায়, ছিনতাইকারী সন্দেহে শাহাদাতকে পেটানো হয়েছিল। পরে তার মৃত্যু হয়।
গান গেয়ে যুবককে হত্যা, জিজ্ঞাসাবাদের পর যা বলছে পুলিশ
স্ত্রী-সন্তানের হাতে প্রাণ গেল ইলিয়াছের
গান গেয়ে যুবককে পিটিয়ে হত্যা
জাহাজে হজযাত্রী পাঠানোর প্রস্তাবে রাজি সৌদি