ইউক্রেনের হয়ে যুদ্ধ করার অভিযোগে এক মার্কিন নাগরিককে কারাদণ্ড দিয়েছে রাশিয়ার একটি আদালত। ভাড়াটে সৈনিক হিসেবে ইউক্রেনের পক্ষে যুদ্ধ করার অভিযোগে স্টিফেন জেমস হাববার্ড নামে ওই মার্কিন নাগরিককে ছয় বছর ১০ মাসের কারাদণ্ড দেওয়া হয়।
তদন্তকারীদের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, মিশিগানের বাসিন্দা হাববার্ডকে পূর্বাঞ্চলীয় শহর ইজিয়ামে ইউক্রেনের আঞ্চলিক প্রতিরক্ষা ইউনিটে কাজ করার জন্য মাসে এক হাজার ডলার (৭৬০ পাউন্ড) দেওয়া হয়েছিল, যেখানে তিনি ২০১৪ সাল থেকে বসবাস করছিলেন।
তারা বলেছে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে হাববার্ড ইউক্রেনে প্রশিক্ষণ নেন। একই মাসে মস্কো ইউক্রেনে হাজার হাজার সেনা পাঠিয়েছিল।
ওই বছরের ২ এপ্রিল রুশ সেনারা তাকে আটক করে বলে গত মাসে প্রসিকিউটরের বরাতে জানিয়েছে আরআইএ’র রাষ্ট্রীয় বার্তা সংস্থা। রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, হাবার্ড এই অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন।
তবে গত মাসে এক সাক্ষাৎকারে হাববার্ডের বোন প্যাট্রিসিয়া হাবার্ড ফক্স তার কথিত স্বীকারোক্তি নিয়ে সন্দেহ প্রকাশ করে ফক্স নিউজকে বলেন, তিনি রুশপন্থী দৃষ্টিভঙ্গি পোষণ করেন এবং তার বয়সে অস্ত্র হাতে তুলে নেওয়ার সম্ভাবনা কম।
সোমবার মস্কো নগর আদালতের বিচারক হাববার্ডকে দোষী সাব্যস্ত করেন। যদিও আরআইএ জানিয়েছে, হাববার্ডের আইনজীবী এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন। তবে হাবার্ডকে কীভাবে আটক করা হয়েছে তা নিশ্চিত করতে পারেনি রয়টার্স। ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় মন্তব্য চেয়ে রয়টার্সের একাধিক বার্তার জবাব দেয়নি।
মস্কোর মার্কিন দূতাবাসের একজন মুখপাত্র বলেছেন, তারা একজন আমেরিকান নাগরিককে আটকের বিষয়ে অবগত আছেন, তবে সোমবার মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ছেন।
