পাবনার সুজানগরে দুর্গাপূজার প্রতিমা ভাঙচুরের ঘটনায় মো. বাচ্চু নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত সুজানগর শাখা যুবলীগের কর্মী বলে জানিয়েছে পুলিশ। গতকাল রবিবার (৬ অক্টোবর) দুপুরে রাজবাড়ীর গোয়ালন্দ থানার গোয়ালন্দ ঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তি হলেন- মো. বাচ্চু আলমগীর উরফে আগুন বাচ্চু (৩৪)। তিনি সুজানগর পৌরসভার মসজিদপাড়া এলাকার মো. লোকমান প্রামাণিকের ছেলে। তার ছোট ভাই সুজানগর নিজাম উদ্দিন আজগর আলী (এনএ) কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রেদোয়ান নয়ন।
সোমবার (৭ অক্টোবর) পাবনা পুলিশ সুপার মো. মোরতাজা আলী খান সংবাদ সম্মেলনে গ্রেপ্তারের বিষয়টির নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানা পুলিশের সহায়তায় রবিবার বাচ্চুকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত মঙ্গলবার রাতে পৌরসভার মানিকদীর পালপাড়া এবং এর ৩ দিন আগে পৌরসভার নীশিপাড়া দুর্গাপূজার প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে। ঘটনার পর মানিকদীর (পালপাড়া) মন্দির কমিটির সভাপতি শ্রী বিজন কুমার পাল বাদী হয়ে সুজানগর থানায় একটি মামলা করেন।
পুলিশ সুপার বলেন আরও বলেন, গ্রেপ্তার যুবলীগ কর্মী মো.বাচ্চু আলমগীর আজ ১৬৪ ধারায় ম্যাজিস্ট্রেটের কাছে প্রতিমা ভাঙচুরের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
