গাজা যুদ্ধের বর্ষপূর্তিতে ইসরায়েলে ১৩৫টির বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ হিজবুল্লাহর

  • গাজা যুদ্ধের এক বছরে ইসরায়েলি সেনা-ভূখণ্ড লক্ষ্য করে ১৩৫টি রকেট ছুড়েছে হিজবুল্লাহ
  • যোদ্ধাদের জাতিসংঘ শান্তিরক্ষীদের ঘাঁটির কাছে হামলা না চালানোর নির্দেশ হিজবুল্লাহর
আপডেট : ০৮ অক্টোবর ২০২৪, ১০:২৫ এএম

গতকাল সোমবার গাজা যুদ্ধের এক বছর পূর্তিতে ইসরায়েলি সেনা ও ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে রকেট ছুড়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গাজা যুদ্ধ শুরুর এক বছর পরে আরও তীব্র যুদ্ধের শংকা দেখা দিয়েছে মধ্যপ্রাচ্যে।  

ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতি ও সামরিক ঘাঁটি লক্ষ্য করে সোমবার বিকেল ৫টা পর্যন্ত ১৩৫টিরও বেশি রকেট নিক্ষেপ করেছে ইরান সমর্থিত গোষ্ঠীটির যোদ্ধারা। খবর রয়টার্স।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, সোমবারও ইসরায়েলের তৃতীয় বৃহত্তম শহর হাইফাতে রকেট নিক্ষেপ করেছে হিজবুল্লাহ।

সামরিক এক বিবৃতিতে ইসরায়েল জানায়, “লেবানন থেকে হাইফার প্রধান ভূমধ্যসাগরীয় বন্দর লক্ষ্য করে পাঁচটি রকেট ছোড়া হয়েছিল। তবে এসব রকেট ধ্বংস করতে ইন্টারসেপ্টর নিক্ষেপ করা হয়েছিল। ওই অঞ্চলে পড়ে যাওয়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে। ঘটনাটি পর্যালোচনা করা হচ্ছে।"

এসব হামলায় হাইফা এলাকায় ১০ জন এবং মধ্য ইসরায়েলে আরও দুইজন আহত হয়েছে বলে জানা গেছে।

সামরিক বাহিনী আরও জানিয়েছে, রিশোন লেজিওন এবং পালমাচিমের কেন্দ্রীয় এলাকায় সাইরেন বেজে উঠার পরে সোমবার ভোরে দুটি ড্রোনকেও বাধা দেওয়া হয়।

অন্যদিকে হিজবুল্লাহ জানিয়েছে যে, তারা "ফাদি ১" ক্ষেপণাস্ত্র দিয়ে হাইফার দক্ষিণে একটি সামরিক ঘাঁটি এবং পরবর্তীতে হাইফার উত্তরে দ্বিতীয় সামরিক ঘাঁটি স্যালভোকে লক্ষ্য করে আঘাত হেনেছে। তারা আরও জানিয়েছে যে, ইসরায়েলের আরেক শহর তিবরিজে আরেকটি হামলা চালিয়েছে তাদের যোদ্ধারা।

বার্তাসংস্থা এএফপি জানিয়েছে যে, ইসরায়েলি সৈন্যদের লক্ষ্য করেও রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। সোমবার মারুন আল-রাস গ্রামে ওই হামলা চালানো হয়। হামলার সময় সেখানে ইসরায়েলি সেনারা জড়ো হয়েছিল বলে বিবৃতিতে জানিয়েছে হিজবুল্লাহ।  

অন্য এক বিবৃতিতে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি জানিয়েছে যে, তাদের যোদ্ধাদের জাতিসংঘ শান্তিরক্ষীদের ঘাঁটির কাছে গুলি বা হামলা না চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার লেবাননের গণমাধ্যম আল মায়াদিনে প্রচারিত হিজবুল্লাহর একজন ফিল্ড কমান্ডারের এক বিবৃতিতে এ নির্দেশনা দেওয়া হয়।  বিবৃতিতে বলা হয়, হিজবুল্লাহ যোদ্ধাদের লেবাননের সীমান্ত শহর মারুন আল-রাসে জাতিসংঘের শান্তিরক্ষী ঘাঁটির কাছে ইসরায়েলি বাহিনীকে লক্ষ্যবস্তু না করার নির্দেশ দিয়েছে।

বিবৃতিতে গোষ্ঠীটি ইসরায়েলের বিরুদ্ধে শান্তিরক্ষীদের মানব ঢাল হিসেবে ব্যবহার করার অভিযোগ করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত