সাবেক রেলমন্ত্রীর দুর্নীতির অনুসন্ধান শুরু

আপডেট : ০৯ অক্টোবর ২০২৪, ০৭:৩০ এএম

সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক ও কুমিল্লার-৬ আসনের সাবেক এমডি আ ক ম বাহাউদ্দিনসহ চারজনের দুর্নীতির অনুসন্ধান শুরু করেছে দমন কমিশন (দুদক)। অন্য অভিযুক্তরা হলেন আ ক ম বাহাউদ্দিনের মেয়ে কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনা ও সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমাজ কল্যাণমন্ত্রীর সাবেক পিএস মো. কামাল হোসেন।

তাদের বিরুদ্ধে টেন্ডারবাজি, নিয়োগ বাণিজ্য, ঘুষ ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। গতকাল মঙ্গলবার এ অনুসন্ধান শুরু করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেন দুদকের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম।

দুদকের কাছে থাকা অভিযোগে বলা হয়, সাবেক মন্ত্রী মুজিবুল হকের বিরুদ্ধে টেন্ডার বাণিজ্য, নিয়োগ বাণিজ্যসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে রেলওয়ের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাৎপূর্বক নিজের নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া গেছে। মো. জিয়া উদ্দিন নামে একজন আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে ওই অনুসন্ধান শুরু করে দুদক।

এ ছাড়া আ ক ম বাহাউদ্দিন, তার মেয়ে ও কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনা ও সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমাজ কল্যাণমন্ত্রীর সাবেক পিএস মো. কামাল হোসেনসহ অন্যদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, নিয়োগ বাণিজ্য, টেন্ডারবাজি, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। এ ছাড়া বিদেশে অর্থ পাচারসহ নিজের নামে ও পরিবারের সদস্যদের নামে শত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত