সনাতন ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষি বাহিনীকে (বিএসএফ) মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শূন্য রেখায় বিজিবির পক্ষ থেকে বিএসএফকে এই মিষ্টি উপহার দেওয়া হয়।
বিজিবির হিলি সিপি কোম্পানি কমান্ডার সুবেদার শাহাদত হোসেন ভারতের হিলি বিএসএফের ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর বিজয় কুমারের হাতে ৫ প্যাকেট মিষ্টি তুলে দিয়ে দুর্গাপূজার শুভেচ্ছা জানান। এ সময় তারা দুই বাহিনীর পক্ষে একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় সেখানে বিজিবির হিলি আইসিপি চেকপোস্ট কমান্ডার নায়েব সুবেদার অসিম কুমার মারাক ও ভারতের হিলি আইসিপি চেকপোস্ট কমান্ডার এসআই লালা রামসহ উভয় বাহিনীর নারী ও পুরুষ উপস্থিত ছিলেন।
বিজিবির হিলি সিপি কোম্পানি কমান্ডার সুবেদার শাহাদত হোসেন বলেন, গতকাল থেকে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে। এ উপলক্ষ্যে আমাদের জয়পুরহাট ২০-বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক মহোদয়ের পক্ষ থেকে ভারতের পতিরাম ৬১-বিএসএফ ব্যাটালিয়ন অধিনায়ক, স্টাফ অফিসার ও ক্যাম্প কমান্ডারদের জন্য সর্বমোট ৫ প্যাকেট মিষ্টি উপহার দেওয়া হয়। হিলি সীমান্তে দীর্ঘদিন ধরেই এ ধরনের রেওয়াজ চলে আসছে বলেও জানান তিনি।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার জুড়ে যানজট
বিষাদের সুর ছড়িয়ে টেনিসকে বিদায় নাদালের