ফেদেরার চাননি নাদাল অবসর নিক

আপডেট : ১০ অক্টোবর ২০২৪, ০৮:২২ পিএম

রাফায়েল নাদাল অবসরের ঘোষণা দিয়েছেন এক ভিডিও বার্তায়। আগামী নভেম্বরে ডেভিস কাপ খেলে টেনিস ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন তিনি। ২২ গ্র্যান্ড স্ল্যাম জয়ী নাদালের অবসর ঘোষণার পর থেকে তাকে নিয়ে প্রতিক্রিয়া জানাচ্ছেন ভক্ত-সমর্থক থেকে শুরু করে প্রতিদ্বোন্দ্বি খেলোয়াড় এবং অন্য ক্রীড়া জগতের মানুষেরাও।

নাদালকে নিয়ে রজার ফেদেরার, ক্রিশ্চিয়ানো রোনালদো ও মার্সেলোর মতো কিংবদন্তি ব্যক্তিত্বরা তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

সুইস টেনিস কিংবদন্তি ফেদেরার এক ভিডিও বার্তায় বলেন, 'কী অসাধারণ ক্যারিয়ার, রাফা! তোমার সঙ্গে খেলতে পারা সত্যিই অনেক বড় সম্মানের ছিল। আমি চেয়েছিলাম এই দিনটি কখনোই না আসুক। ধন্যবাদ তোমাকে সেই অসাধারণ মুহূর্তগুলো উপহার দেওয়ার জন্য এবং আমাদের ভালোবাসার খেলার জন্য তোমার অবিস্মরণীয় পারফরম্যান্সের জন্য।'

ফেদেরার যখন অবসর নিয়েছিলেন তখন তার পাশেই ছিলেন নাদাল। লেভার কাপ খেলে অবসরে গিয়েছিলেন ফেডেক্স। তখন একই দলে (টিম ইউরোপ) খেলেছিলেন ফেদেরার, নাদাল ও নোভাক জকোভিচ।

৩৮ বছর বয়সে ২২ গ্র্যান্ড স্ল্যাম শিরোপা এবং দুটি অলিম্পিক স্বর্ণ জয় করে কোর্টকে বিদায় নাদালকে নিয়ে রোনালদো লেখেন, 'রাফা, কী অবিশ্বাস্য ক্যারিয়ার ছিল তোমার! তোমার নিবেদন, অসামান্য প্রতিভা সারা বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করেছে। তোমার যাত্রার সাক্ষী হতে পারা এবং তোমাকে বন্ধু বলতে পারা সত্যিই গর্বের বিষয়। অভিনন্দন এই অসাধারণ ক্যারিয়ারের জন্য! তোমার অবসরের সময়টাকে উপভোগ করো!'

ব্রাজিলিয়ান ফুটবলার ফ্লুমিনেন্সের ফুল-ব্যাক মার্সেলো নাদালকে শ্রদ্ধা জানিয়ে বলেন, 'ধন্যবাদ এতকিছুর জন্য!!! তুমি প্রতিভা এবং অতিক্রমণের এক অনন্য উদাহরণ। তোমাকে উজ্জ্বল হতে দেখা এবং এত মানুষের অনুপ্রেরণা হতে দেখা ছিল এক বিশাল সম্মান!!! তোমার বিশাল ক্যারিয়ারের জন্য অভিনন্দন।'

×
সর্বশেষ সর্বাধিক পঠিত