ঘূর্ণিঝড় মিলটন: ফ্লোরিডায় বিদ্যুৎহীন ৩২ লাখ পরিবার, নিহত ১০

আপডেট : ১১ অক্টোবর ২০২৪, ০১:১৫ পিএম

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ঘূর্ণিঝড় মিলটনের আঘাতে বিদ্যুৎহীন অবস্থায় দিন কাটাচ্ছেন ৩২ লাখ পরিবার। এখন পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। 

স্থানীয় সময় গত বুধবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে ঘূর্ণিঝড় মিলটন ফ্লোরিডার উপকূলে আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার জানায়, এ সময় বাতাসের গতি ছিল ঘণ্টায় ১৯৫ কিলোমিটার। সিয়েস্তা কি নামক একটি দ্বীপে এই গতি রেকর্ড করা হয়। সিয়েস্তা কি দ্বীপটি ফ্লোরিডার টাম্পা বে উপকূল থেকে ১০০ কিলোমিটার দূরে সমুদ্রে অবস্থিত। এই দ্বীপে প্রায় ৩ লাখ বাসিন্দা আছে। মিল্টনের প্রভাবে উপকূলীয় শহরগুলোতে আকস্মিক বন্যা দেখা দিয়েছে।

ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস জানিয়েছেন, ফ্লোরিডা খুব খারাপ অবস্থায় পতিত হওয়ার হাত থেকে বেঁচে গেছে। তার পরও ধ্বংসযজ্ঞ একেবারেই সামান্য নয়।

যুক্তরাষ্ট্রের ইউএস হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি বা স্বরাষ্ট্রমন্ত্রী আলেজান্দ্রো মায়োরকাস হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে জানান, এখন পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর পেয়েছেন। ঘূর্ণিঝড়ের মধ্যে ফ্লোরিডায় অন্তত ২৭টি টর্নেডোর সৃষ্টি হয়েছিল।

পাওয়ারআউটেজ ডট কমের তথ্য অনুসারে, স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকেলে ফ্লোরিডায় ৩২ লাখের বেশি পরিবার ও ব্যবসাপ্রতিষ্ঠান বিদ্যুৎহীন ছিল। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত