উত্তরা-১৭ নম্বর সেক্টর পূজামণ্ডপ পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আলী ইমাম মজুমদার। শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় পূজামণ্ডপ পরিদর্শন করে প্রধান অতিথির বক্তব্য দেন উপদেষ্টা আলী ইমাম মজুমদার।
তিনি বলেন, আপনারা যেন নির্দ্বিধায় পূজা করতে পারেন সেজন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া মন্দিরের জায়গা সংকট, শবদাহ করার স্থানসহ যে দাবিগুলো করেছেন সব দাবি যুক্তিপূর্ণ। আপনাদের এ বিষয়টি প্রধান উপদেষ্টা অবগত রয়েছেন।
আলী ইমাম মজুমদার বলেন, এই দেশে আমার যে অধিকার আপনার একই অধিকার। এ দেশে থাকবেন না কেন। দুই একটা বিচ্ছিন্ন ঘটনা থাকতে পারে। সরকার নিষ্ক্রিয় নয়। বড় কোন সমস্যা হবে না, সেদিকে আইনশৃঙ্খলা বাহিনীর নজর রাখছে বলে তিনি জানান।
তিনি আরও বলেন, পুলিশ বাহিনীর উপর দিয়ে বিরাট একটি ধকল গিয়েছে। এছাড়াও গত ৫ আগস্ট পূর্ব থানা ক্ষতিগ্রস্ত হয়েছে। সে সময় আমি উত্তরাতে ছিলাম। সবকিছু মিলে পুলিশ বাহিনীকে ঘুরে দাঁড়াতে কিছুটা সময় লাগবে।
নৃপেন্দ্র নাথ সিকদার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসক তানভীর আহমেদ, উপ-পুলিশ কমিশনার উত্তরা বিভাগ রনক জাহান, ইসকন বাংলাদেশ সাধারণ সম্পাদক শ্রীপদ চারুচন্দ্র ব্রাহ্মচারী।
