পূজামণ্ডপে গান পরিবেশন নিয়ে যা বললেন ছাত্রশিবিরের সভাপতি

আপডেট : ১২ অক্টোবর ২০২৪, ০৬:০৯ পিএম

চট্টগ্রামে পূজামণ্ডপে গান পরিবেশন প্রসঙ্গে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেছেন, ইসলামী ছাত্রশিবিরের কোনো জনশক্তি চট্টগ্রামে গান পরিবেশনের সাথে সম্পৃক্ত নয়। হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে বিশেষ করে ওই পূজামণ্ডপের দায়িত্বশীল ব্যক্তিদের পক্ষ থেকেই যারা গান গাওয়ার জন্য আসছিল তাদের আমন্ত্রণ করা হয়েছিল। তারা আমন্ত্রিত ছিল। যদিও এখন এটাকে ভিন্নভাবে নেওয়া হচ্ছে। শিবিরের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।

শনিবার (১২ অক্টোবর) নারায়ণগঞ্জ মহানগর ইসলামী ছাত্রশিবিরের সাথী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এদিন ফতুল্লা থানাধীন ইসদাইর এলাকার বাংলা ভবনে এই সাথী সমাবেশের আয়োজন করা হয়।

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি বলেন, এটা একটা কালচারাল একাডেমির কিছু শিল্পীরা এসে গান গায় যাদের শিবির আখ্যা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে পূজামণ্ডপের এই ঘটনায় মামলা করা হয়েছে এবং দুইজন ব্যক্তি গ্রেপ্তার করা হয়েছে। তবে আমার মনে হয়, একটা ভুল বুঝাবুঝি বা একটা ভুল বার্তার কারণে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। এটা সুষ্ঠু তদন্ত করার মধ্য দিয়ে সমাধান করা উচিত। 

মঞ্জুরুল ইসলাম বলেন, আদর্শিকভাবে শিবির একটা শক্তিশালী সংগঠন। যারা শিবিরের এই আদর্শিক আন্দোলনকে পছন্দ করে না শিবিরের কার্যক্রমে যারা ভীত সন্ত্রস্ত তারাই গুজব অপপ্রচার চালিয়ে আসছে। পূজা হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান। রাষ্ট্রের দায়িত্ব হলো শতভাগ নিরাপত্তা দিয়ে এটাকে বাস্তবায়নের সুযোগ দেওয়া। এদেশের জনগণেরও দায়িত্ব তাদের নিরাপত্তার বিষয়টা নিশ্চিত করা। যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।

নারায়ণগঞ্জ মহানগর ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মুহাম্মদ আসাদুজ্জামান রাকিবের সভাপতিত্বে সাথী সমাবেশে প্রধান বক্তা ছিলেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমীর মুহাম্মদ আবদুল জব্বার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত