ভারী বৃষ্টিতে মক্কায় ভয়াবহ বন্যা

আপডেট : ১২ অক্টোবর ২০২৪, ০৬:২৮ পিএম

ভারী বৃষ্টিপাতে সৌদি আরবের পবিত্র শহর মক্কা ও আশপাশের এলাকায় বন্যা পরিস্থতির সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) থেকে ঝড় ও প্রবল বৃষ্টির কারণে মক্কার বেশ কয়েকটি উপত্যকা এবং নিম্নাঞ্চলে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। পূর্বাঞ্চলীয় প্রদেশ, মদিনা, আসির, জাজান, আল-বাহা, হাইল এবং তাবুক অঞ্চলও ক্ষতিগ্রস্থ হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া ভিডিওতে বৃষ্টিপাতের তীব্রতা ধরা পড়েছে। ফুটেজে দেখা গেছে, মক্কার রাস্তাগুলো ডুবে গেছে এবং বন্যার পানিতে গাড়ির প্রায় অর্ধেক ডুবে যাচ্ছে।

এর আগে জাতীয় আবহাওয়া কেন্দ্র মক্কা, জিজান, আসির, আল বাহা এবং মদিনার কিছু অংশে মাঝারি থেকে ভারী বজ্রপাতের সতর্কতা জারি করেছিল। পূর্বাঞ্চলীয় প্রদেশের কিছু অংশে বজ্রপাতের সম্ভাবনা এবং তাবুকের কিছু উপকূলীয় অঞ্চলে কুয়াশার সম্ভাবনা রয়েছে।

কর্তৃপক্ষ বাসিন্দা ও দর্শনার্থীদের সাবধানতা অবলম্বন করার আহ্বান জানিয়েছে। সিভিল ডিফেন্স কর্মকর্তারা জনগণকে উপত্যকা এড়িয়ে চলার এবং সুরক্ষা নির্দেশিকা অনুসরণের পরামর্শ দিয়েছেন।

সৌদি আবহাওয়া বিভাগের প্রতিবেদনে লোহিত সাগরের উপর উত্তর-পশ্চিম বাতাসসহ অব্যাহত অস্থিতিশীল পরিস্থিতি তুলে ধরা হয়েছে। উপসাগর বরাবর একই রকম ঝড়ো হাওয়ার আশঙ্কা করা হচ্ছে, যেখানে মধ্য ও দক্ষিণাঞ্চলে উত্তাল সমুদ্রের সম্ভাবনা রয়েছে।

মক্কা, শারকিয়া, মদিনা ও তাবুকসহ আটটি অঞ্চলে সতর্কতা জারি থাকায় কর্তৃপক্ষ সতর্কতা জারি করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত