প্রতিবাদী পোস্টে জরিমানা

আপডেট : ১৩ অক্টোবর ২০২৪, ০২:৪৪ এএম

জরিমানার পরিমাণ প্রায় ১১ কোটি ৭২ লাখ টাকা। জরিমানার কারণে গেল মৌসুমে সামাজিক যোগাযোগ মাধ্যমে করা একটি পোস্ট। ঘটনাটা ইংলিশ প্রিমিয়ার লিগের দল নটিংহ্যাম ফরেস্টকে নিয়ে।

গেল এপ্রিলে ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটনের মাঠে ২-০ গোলে হেরেছিল ফরেস্ট। ম্যাচে নটিংহ্যামের তিনটি পেনাল্টির দাবি নাকচ হওয়ায় খেলা শেষে ভিএআর অফিশিয়াল স্টুয়ার্ট অ্যাটওয়েলের কড়া সমালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করা হয়েছিল ফরেস্টের পক্ষ থেকে। ফরেস্টের পক্ষ থেকে লেখা হয়, ‘খুব বাজে তিনটি সিদ্ধান্তÑ তিনটি পেনাল্টি দেওয়া হয়নিÑযেটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। ম্যাচের আগে আমরা পিজিএমওএলকে (পেশাদার গেম ম্যাচ অফিশিয়াল) সতর্ক করে বলেছিলাম, ভিএআর (অ্যাটওয়েল) লুটনের ভক্ত। কিন্তু তারা তাকে পাল্টায়নি। অনেকবার আমাদের ধৈর্যের পরীক্ষা নেওয়া হয়েছে। নটিংহ্যাম এখন নিজেদের পথ বের করে নেবে।’ তখন এভারটন, লুটনের সঙ্গে রেলিগেশন এড়ানোর লড়াইয়ে ছিল নটিংহ্যাম।

এই ঘটনা নিয়ে স্বাধীন কমিশনের তদন্তে নটিংহ্যাম দোষী প্রমাণিত হওয়ায় সাড়ে ৭ লাখ পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১ কোটি ৭২ লাখ টাকা) জরিমানা করেছে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। নটিহ্যাম এই শাস্তির বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত