সেপ্টেম্বর মাসের বকেয়া বেতনের দাবিতে গতকাল শনিবার দুপুরে গাজীপুর মহানগরীর সারাবো এলাকায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা বিক্ষোভ করেছেন। তারা কারখানার সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে চক্রবর্তী এলাকায় চন্দ্রা নবীনগর সড়ক অবরোধ করেন।
জানা গেছে, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে ৫৫ হাজার শ্রমিক কাজ করেন। প্রতি মাসে শ্রমিকদের বেতন আসে ৮০ থেকে ৮২ কোটি টাকা। আশপাশের বেশিরভাগ কারখানায় গত মাসের বেতন-ভাতা দেওয়া হলেও বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকদের এখন পর্যন্ত বেতন দেওয়া হয়নি। বকেয়া বেতনসহ আরও বেশকিছু দাবিতে দুপুর সাড়ে ১২টা থেকে শ্রমিকরা কাজ বন্ধ করে দেন। পরে প্রধান ফটকে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। শ্রমিকরা বিক্ষোভ করতে করতে কারখানার সামনের এলাকা চক্রবর্তী চন্দ্রা নবীনগর সড়কের ওপর অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। সড়ক অবরোধের কারণে ওই সড়কের উভয় দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন ওই সড়কে চলাচলকারী যাত্রীরা।
বেক্সিমকোর শ্রমিক ইকবাল হোসেন বলেন, ‘এর আগের মাসেও অনেক আন্দোলন করে বেতন নিতে হয়েছে। এ মাসের ১২ দিন হয়ে গেলেও এখন পর্যন্ত বেতন-ভাতা পায়নি। বেতন চাইতে গেলে কর্তৃপক্ষ নানা তালবাহানা করছে। বাধ্য হয়ে আমাদের রাস্তায় নামতে হয়েছে।’
শ্রমিক আলিম উদ্দিন বলেন, ‘বেতন চাইতে গিয়েছিলাম তখন এখানকার ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাদের বলেন মালিকের ব্যাংক হিসাব সরকার বন্ধ করে রেখেছে, যার কারণে বেতন দিতে পারছি না। তারা নাকি সরকারের সঙ্গে কথা বলছে। সমাধান হলে বেতন দেবে। এসব কথা শুনে তো আর আমাদের সংসার চলবে না। আমরা কাজ করেছি, এখন বেতন দিতে হবে। তা ছাড়া আমাদের অন্যের কোনো পথ নেই।
এদিকে সড়ক অবরোধের খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। তারা শ্রমিকদের সঙ্গে কথা বলে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে বিকেল সাড়ে ৩টার দিকে ওই সড়কে যান চলাচল শুরু হয়।
গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক সফিকুল ইসলাম বলেন, বকেয়া বেতনসহ বেশ কয়েকটি দাবিতে শ্রমিকরা দুপুর সাড়ে ১২টা থেকে বিক্ষোভ শুরু করেন। পরে তারা চক্রবর্তী এলাকায় চন্দ্রা নবীনগর সড়ক অবরোধ করে রাখেন। এতেও সড়কের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
