উত্তরপ্রদেশের মন্ত্রীর দাবি

গোশালায় শুয়ে থাকলেই ক্যানসার থেকে মুক্তি!

আপডেট : ১৪ অক্টোবর ২০২৪, ০৪:২৮ পিএম

ভারতের পশ্চিমবঙ্গ বিজেপির সাবেক সভাপতি দিলীপ ঘোষের মুখে এক সময় শোনা গিয়েছিল ‘গরুর দুধে সোনা’ পাওয়ার তত্ত্বের কথা। এ বার গরুর আর এক উপকারিতার কথা শোনালেন বিজেপি শাসিত উত্তরপ্রদেশের মন্ত্রী সঞ্জয় সিং গাংওয়ার। গোশালায় শুয়ে থাকলে এবং সেই জায়গা পরিষ্কার করলেই নাকি ক্যানসার থেকে মুক্তি মেলে। উত্তরপ্রদেশে এক গোশালার উদ্বোধনে গিয়ে এই মন্তব্য করেন তিনি।

শুধু তাই নয়, গরুর সেবা করে রক্তচাপের সমস্যা থেকে মুক্তি মিলতে পারে বলে মত মন্ত্রীর। যে রোগীদের রক্তচাপের সমস্যা রয়েছে, তাদের গরুর পিঠে দিনে দুবার চাপড় মারার পরামর্শও দেন তিনি। ১০ দিনের মধ্যেই এর ফল পাওয়া যেতে পারে বলেও জানিয়েছেন সঞ্জয়। 

তার মতে, গরুর পিঠে দিনে দু’বার করে চাপড় মারলে ১০ দিনের মধ্যে রক্তচাপের ওষুধের ডোজ ২০ মিলিগ্রাম থেকে ১০ মিলিগ্রামে নেমে আসবে। ঘুঁটে পোড়ানো ধোঁয়া মশা তাড়াতেও সাহায্য করে বলে জানিয়েছেন তিনি। মন্ত্রী বোঝানোর চেষ্টা করেন, গরুর শরীর থেকে উৎপন্ন হওয়া প্রতিটি জিনিসই কাজের। সেই বিষয়ে ব্যাখ্যা দেওয়ার সময়েই এই মন্তব্যগুলো করেন তিনি।

প্রসঙ্গত, উত্তরপ্রদেশের মাঠে-ঘাটে গরু ঘুরে বেড়ানো নিয়ে অনেক দিন ধরেই সরব হয়েছেন কৃষকদের একাংশ। বাঁধনহীন গরু চাষের ক্ষেতে প্রবেশ করায় সমস্যার মধ্যে পড়তে হয় কৃষকদের। তা নিয়েও রবিবার মন্তব্য করেছেন মন্ত্রী। 

সঞ্জয়ের দাবি, গরুর প্রতি শ্রদ্ধার অভাব থেকেই এই ধরনের অভিযোগ উঠে আসে। তিনি বলেন, “যেহেতু আমরা মায়ের (গোমাতা) সেবা করছি না, তাই মা আমাদের অন্য কোথাও ক্ষতি করছেন।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত