ফেসবুকে লোভনীয় চাকরির বিজ্ঞাপন দিয়ে টাকা আদায়, গ্রেপ্তার ৭

আপডেট : ১৫ অক্টোবর ২০২৪, ০৬:৫২ পিএম

ফেসবুকে সিকিউরিটি গার্ডের চাকরির লোভনীয় বিজ্ঞাপন দিয়ে জিম্মি করে টাকা আদায়ের অভিযোগে প্রতারক চক্রের সাতজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) খিলগাঁও থানা-পুলিশ।

খিলগাও এলাকা থেকে গ্রেপ্তাররা হলো-নাসির উদ্দিন ওরফে পিটার নাসির (২৮), আনোয়ার ওরফে তন্ময় ওরফে আকতারুজ্জামান (২৬), রোকসানা রহমান ওরফে রোকসানা (৩৫), সীমা ওরফে রোকসানা আক্তার (৩২), জেসমিন ওরফে জেসমিন বেগম (২০), লিজা (২৫) ও শাহানাজ আক্তার (২০)।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি গণসংযোগ শাখারা উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান। তিনি বলেন, তারা দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন চাকরির বিজ্ঞাপন দিয়ে, বিশেষজ্ঞ ডাক্তার সেজে বা প্রেমের প্রস্তাব দেওয়ার মতো বিভিন্ন উপায়ে মানুষকে প্রলুদ্ধ করে। তাদের এসব লোভনীয় বিজ্ঞাপন দেখে কেউ ফাঁদে পা দিলে তাকে জিম্মি করে অর্থ ও মূল্যবান দ্রবাদি হাতিয়ে নেয়। গ্রেফতার নাসির উদ্দিন ওরফে পিটার নাসিরের নামে হত্যা চাঁদাবাজিসহ আটটি মামলার তথ্য পাওয়া গেছে।

গত ৯ অক্টোবর খিলগাঁও থানায় বাদীর দায়েরকৃত মামলার সূত্রে জানা যায়, গত ৪ অক্টোবর বাদী ঢাকার নবাবগঞ্জের মো. নাসির উদ্দীন ফেসবুকে সিকিউরিটি গার্ডের চাকরির বিজ্ঞাপন দেখে ৬ অক্টোবর দুপুরে সীমা ওরফে রোকসানা আক্তার নামের একজনের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে। ওইদিন সন্ধ্যায় সীমার কথা মতো বাদী খিলগাঁও থানার টেম্পুস্ট্যান্ডের ১৩৬ দক্ষিণ গোড়ানের একটি বাসায় যায়। কিছুক্ষণ পর সীমা ওরফে রোকসানা আক্তার ও আনোয়ার ওরফে তন্ময়সহ আরো কয়েকজন ওই বাসায় আসে। মামলার বাদী নাসির উদ্দীন কিছু বুঝে ওঠার আগেই তাকে বিবস্ত্র করে মারধর শুরু করে মোবাইলে ভিডিও ধারণ করে এবং ধারণকৃত ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। সীমা ওরফে রোকসানা আক্তার নিজেকে ডিবি পুলিশের ইন্সপেক্টর পরিচয় দিয়ে বাদীর মায়ের থেকে মোবাইলের মাধ্যমে এক লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। বাদীর মা তৎক্ষণাৎ তাদের দেওয়া বিকাশ নাম্বারে পাঁচ হাজার টাকা পাঠায়। এরপর তারা ভিকটিমের কাছে থাকা দুটি স্বর্ণের আংটি, একটি এন্ড্রয়েড মোবাইল ফোন ও নগদ ৩২ হাজার ৫০০ টাকা নিয়ে নেয়। পরে রাত সাড়ে ১১টার দিকে আনোয়ার ওরফে তন্ময় ভিকটিমের চোখ বেঁধে মোটরসাইকেলে করে খিলগাঁও ফ্লাইওভারের উপর ফেলে যায়।

৯ অক্টোবর মামলা রুজুর পরপরই ভিকটিমের দেখানো মতে ওইদিন খিলগাঁও এলাকা থেকে ঘটনার সাথে সংশ্লিষ্ট নাসির উদ্দিন ওরফে পিটার নাসির, আনোয়ার ওরফে তন্ময় ওরফে আকতারুজ্জামান, রোকসানা রহমান ওরফে রোকসানা, সীমা ওরফে রোকসানা আক্তার, জেসমিন ওরফে জেসমিন বেগম ও লিজা নামের ছয়জনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। তদন্তাধীন এই মামলায় গতকাল সোমবার (১৪ অক্টোবর) বিকেলে খিলগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে শাহানাজ আক্তার নামে আরো একজনকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে এই মামলায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত