গণপিটুনিতে নিহত সেলিম খানের পিস্তল উদ্ধার

আপডেট : ১৫ অক্টোবর ২০২৪, ১০:১৩ পিএম

সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে চাঁদপুরে নাইন এমএম পিস্তলসহ ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকালে সদর উপজেলার বালিয়া ইউনিয়নের সাপদি গ্রামের নোয়ারাজা জমাদারের বাড়ির রাস্তার পাশে বাঁশবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রটি উদ্ধার করা হয়। রাতে এ তথ্য জানান চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব।

সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল মো. মোয়াজ্জেম হোসেন ও পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের একটি টিম যৌথভাবে এই অভিযানে অংশ নেন।

পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালাই। এ সময় পরিত্যক্ত অবস্থায় আমেরিকার তৈরি একটি নাইন এমএম পিস্তল, ৬ রাউন্ড গুলি, একটি ম্যাগজিন ও পিস্তল কভার উদ্ধার করা হয়। পরে চাঁদপুর সদর মডেল থানায় রক্ষিত পাবলিক গান রেজিস্টার যাচাই বাছাই করে জানা যায় উদ্ধারকৃত পিস্তল ও গুলি সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মৃত মো. সেলিম খানের। এই ঘটনায় চাঁদপুর সদর মডেল থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনার পতনের পর গাড়িতে করে পালানোর সময় বালিয়া এলাকায় গণপিটুনিতে মারা যান লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলে শান্ত খান। এ সময় তার লাইসেন্সকৃত পিস্তলটি হারিয়ে যায়। সেলিম খানের লাইসেন্সকৃত একটি শটগান মডেল থানায় জমা দেওয়া হয়েছিল।

গত ৩ সেপ্টেম্বর জেলার লাইসেন্সকৃত অস্ত্র ও গোলাবারুদ জমাদানের শেষ তারিখ পর্যন্ত জেলায় লাইসেন্সকৃত ১২২ অস্ত্র ও গোলাবারুদের মধ্যে ১২১টি জমা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত