এবারের এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন কণ্ঠশিল্পী রায়া শারমিলা ইসলাম রাফতি। বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে পরীক্ষায় অংশ নিয়েছিলেন। এর আগে তিনি এসএসসিতেও জিপিএ ৫ পেয়েছিলেন। রাফতি ২০১৫ সালে চ্যানেল আই খুদে গানরাজে প্রথম রানারআপ হয়েছিলেন। এ ছাড়া ২০১৭ সালে জাতীয় শিশু কিশোর প্রতিযোগিতায় নজরুল সংগীতে রাষ্ট্রপতি পদক অর্জন করেন। ২০১৫ সাল থেকে পেশাদার গানে মনোযোগী হন। রাফতি বলেন, ‘আমি জিপিএ ৫ পাওয়ায় আমার শিক্ষক, সহপাঠীসহ সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সামনে ঢাকা বিশ^বিদ্যালয়ে পড়তে চাই। আমার আগ্রহ বাংলা সাহিত্য ও দর্শন। এই দুই বিষয়ের যেকোনো একটিতে পড়তে আগ্রহী।’
রাফতি পেশাদার গান গাওয়ার পাশাপাশি প্রশাসনেও কাজ করতে চান। ব্যবসা করার ইচ্ছেও আছে তার। এ প্রসঙ্গে বলেন, ‘ভালো শিল্পী হওয়ার পাশাপাশি একজন সফল ব্যবসায়ী হতে চাই। তবে আমার আরেকটি ইচ্ছে রয়েছে, প্রশাসনের দিকে যাওয়ার ইচ্ছা রয়েছে।’
