সুজেয় শ্যামের অবস্থা সংকটাপন্ন

আপডেট : ১৬ অক্টোবর ২০২৪, ১২:০১ এএম

ক্যানসারের সঙ্গে লড়াই করছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সুরকার ও সংগীত পরিচালক সুজেয় শ্যাম। গত চার মাস ধরে চিকিৎসাধীন তিনি। এর মধ্যে গেল মাসে হঠাৎ করে হার্টে সমস্যা দেখা দিলে তাকে দ্রুত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসা হয়। তিনি এখন করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রয়েছেন। তার অবস্থা বর্তমানে সংকটাপন্ন বলে জানালেন তার মেয়ে রুপা মঞ্জুরী শ্যাম। তিনি দেশ রূপান্তরকে বলেন, ‘বাবার শারীরিক অবস্থা খুব একটা ভালো নেই। তার হার্টে সমস্যা দেখা দিলে সেপ্টেম্বরের ২৪ তারিখে হাসপাতালে নিয়ে আসি। কিছুদিন আগে তার হার্টে (হৃদযন্ত্র) “পেসমেকার” (ইলেকট্রনিক ডিভাইস) বসানো হয়েছিল। সেখানে ইনফেকশন হয়েছে। ইনফেকশন এখন রক্তে ছড়িয়েছে। চিকিৎসকরা তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তারা এখনো কিছু বলতে পারছেন না। শুধু এটুকু বলেছেন যে, ফিফটি ফিফটি চান্স।’

তিনি আরও বলেন, ‘এমনতিতেই বাবা ক্যানসারের রোগী। ডায়াবেটিসও অনিয়ন্ত্রিত। কিডনির সমস্যাও আছে। তাই ট্রিটমেন্ট করার ক্ষেত্রে অনেক কিছু ভাবতে হয় ডাক্তারদের। তবে তারা আপ্রাণ চেষ্টা করছেন। সবার কাছে আমার বাবার জন্য দোয়া চাই।’

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শেষ গান এবং পাকিস্তান হানাদার বাহিনীর আত্মসমর্পণের পর প্রথম গানের সুর করেন সুজেয় শ্যাম। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গীতিকার শহীদুল আমিনের লেখা ‘বিজয় নিশান উড়েছে ওই’ গানের সুর ও সংগীত পরিচালনা করেন তিনি। গানটির প্রধান কণ্ঠশিল্পী ছিলেন অজিত রায়। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত সুজেয় শ্যামের অন্য গানগুলোর মধ্যে রয়েছে ‘রক্ত দিয়ে নাম লিখেছি’, ‘রক্ত চাই রক্ত চাই’, ‘আহা ধন্য আমার জন্মভূমি’, ‘আয়রে চাষি মজুর কুলি’, ‘মুক্তির একই পথ সংগ্রাম’ ও ‘শোন রে তোরা শোন’।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত