রুশ রাষ্ট্রদূত চাইলেন

আহত খোকনের চিকিৎসার কাগজপত্র

আপডেট : ১৬ অক্টোবর ২০২৪, ০৭:২৪ এএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুরুতর আহত খোকন চন্দ্র বর্মণের উন্নত চিকিৎসায় রাশিয়ার ঊর্ধ্বতন কর্র্তৃপক্ষকে অবহিত করার আশ্বাস দিয়েছেন ঢাকায় রুশ রাষ্ট্রদূত আলেকসান্দার মন্টিটস্কি।

গতকাল মঙ্গলবার স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগমের সঙ্গে এক বৈঠকে রাষ্ট্রদূত এই আশ^াস দেন। বেলা ১১টায় মন্ত্রণালয়ে উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক হয়।

বৈঠকের শুরুতে রুশ রাষ্ট্রদূত স্বাস্থ্য উপদেষ্টাকে অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ায় অভিনন্দন জানান এবং কুশলবিনিময় করেন।

বৈঠকে স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগম বৈষম্যবিরোধী আন্দোলনে গুরুতর আহত খোকন চন্দ্র বর্মণের চিকিৎসার ব্যাপারে রুশ রাষ্ট্রদূতকে অবহিত করেন এবং আহত খোকনের জটিল এবং সময়সাপেক্ষ চিকিৎসার ব্যাপারে রাশিয়ার সহযোগিতা আশা করেন। রুশ রাষ্ট্রদূত আলেকসান্দার মন্টিটস্কি আহত ব্যক্তির চিকিৎসার আনুষঙ্গিক কাগজপত্র চেয়েছেন। তিনি স্বাস্থ্য উপদেষ্টাকে জানান, এ বিষয়ে তিনি রাশিয়ায় ঊর্ধ্বতন কর্র্তৃপক্ষকে অবহিত করবেন। বৈঠকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম সচিব মো. মামুনুর রশীদ ও অতুল সরকার উপস্থিত ছিলেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ শাহাদাত হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বৈঠকের তথ্য জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত