ঈদ-পূজার ছুটি বাড়ানোর প্রস্তাব

আপডেট : ১৭ অক্টোবর ২০২৪, ০২:৫১ এএম

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর বিষয়ে এ-সংক্রান্ত একটি খসড়া প্রস্তাব আজ বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে উত্থাপনের কথা রয়েছে। বৈঠক শেষে চূড়ান্ত ঘোষণা আসতে পারে বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে। পাশাপাশি ঈদের সরকারি ছুটি পাঁচ দিন এবং দুর্গাপূজার ছুটি দুই দিন করার সিদ্ধান্তও নেওয়া হতে পারে সরকারের শীর্ষ নীতিনির্ধারণী ওই বৈঠকে।

চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে গত ৯ অক্টোবর এ-সংক্রান্ত পর্যালোচনা কমিটি প্রধান উপদেষ্টার কাছে একটি প্রস্তাব জমা দিয়েছে। ওই প্রস্তাবে পুরুষের ক্ষেত্রে ৩৫ বছর এবং নারীদের ক্ষেত্রে ৩৭ বছর করার সুপারিশ করা হয়েছে। তবে একটি সূত্র জানিয়েছে, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা সবার জন্যই ৩৫ বছর করা হচ্ছে। নারী ও পুরুষের একই বয়সসীমা নির্ধারণ করে ‘সরকারি, স্বায়ত্তশাসিত, আধাস্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফিন্যানশিয়াল করপোরেশনসহ স্বশাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ অধ্যাদেশ, ২০২৪’-এর খসড়া চূড়ান্ত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। যদিও সরকারি একাধিক সূত্রমতে, চাকরিতে প্রবেশের বয়সসীমা সাময়িক সময়ের জন্য ৩২ থেকে ৩৪ বছর হতে পারে। অবশ্য শেষ পর্যন্ত সরকারের সর্বোচ্চ নীতি নির্ধারকরাই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। তবে বয়স যাই বৃদ্ধি হোক না কেন সেটা সবার জন্যই সমান হবে তা অনেকটাই নিশ্চিত। পর্যালোচনা কমিটিও তাদের প্রস্তাবে মুক্তিযোদ্ধার সন্তান বা নাতি-নাতনিদের জন্য আলাদাভাবে কিছু সুপারিশ করেনি। অন্যদিকে অবসরের বয়সসীমা নিয়ে কোনো সুপারিশ করেনি কমিটি। আপাতত চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়লেও অবসরের বয়সসীমা না বাড়ার সম্ভাবনাই বেশি। কারণ এতে পেনশনের চাপটা বিলম্বিত হবে। অর্থনৈতিকভাবেও দীর্ঘমেয়াদে চাপের মুখে পড়তে হবে সরকারকে।

সংশ্লিষ্টরা বলছেন, সরকারি চাকরিতে স্বাভাবিকভাবে পেনশনযোগ্য হতে অন্তত ২৫ বছর চাকরির বয়স হতে হয়। তাই সরকার যদি প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করে, তাহলে স্বাভাবিকভাবেই অবসরের বয়সসীমা বাড়াতে হবে।

বর্তমানে সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর। আর অবসরে যাওয়ার বয়স ৫৯ বছর। তবে মুক্তিযোদ্ধাদের সন্তান ও নাতি-নাতনিদের চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর। এটি ৩৫ করার দাবিতে কয়েক বছর ধরেই ‘চাকরিতে আবেদনের বয়স ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদ’-এর ব্যানারে নিয়মিত কর্মসূচি পালন করে আসছে। কিন্তু বিগত আওয়ামী লীগ সরকার সেই দাবি একাধিকবার নাকচ করে দিলেও অন্তর্বর্তী সরকার বিষয়টি আমলে নিয়ে গত ৩০ সেপ্টেম্বর চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর দাবির বিষয়টি পর্যালোচনায় একটি কমিটি গঠন করে।

ঈদ-পূজার ছুটি : বর্তমানে ঈদের সরকারি ছুটি তিন দিন এবং দুর্গাপূজা উপলক্ষে এক দিন ছুটি রয়েছে। যদিও বিভিন্ন সময়ে সরকার নির্বাহী আদেশে ঈদের ছুটি তিন দিনের সঙ্গে আরও ১-২ দিন বাড়িয়েছে। তবে এবারই প্রথম পূজার ছুটি নির্বাহী আদেশে এক দিন বৃদ্ধির ফলে মাঝখানে শুক্র-শনিবার মিলে চার দিন ছুটি পেয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা।

তবে উপদেষ্টা পরিষদের বৈঠকে আগামী বছরের পবিত্র ঈদুল আজহা ও ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটি পাঁচ দিন করার পাশাপাশি শারদীয় দুর্গাপূজার ছুটি দুই দিনের প্রস্তাব দেওয়া হবে।

সরকারি সূত্রগুলো বলছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের এই প্রস্তাব আজ উপদেষ্টা পরিষদের সভায় ২০২৫ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদনের জন্য উপস্থাপন করা হতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত