দুই বাসের মাঝে পড়ে তরুণের মৃত্যু

আপডেট : ১৭ অক্টোবর ২০২৪, ০৩:০০ এএম

রাজধানীর যাত্রাবাড়ীতে দুটি বাসের মাঝখানে চাপা পড়ে অজ্ঞাতনামা (৩০) এক তরুণ নিহত হয়েছেন। গতকাল বুধবার বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওই তরুণকে হাসপাতালে নিয়ে আসা পথচারী সম্রাট জানান, যাত্রাবাড়ীর গোমতী ফিলিং স্টেশনে ইলিশ পরিবহনের দুই বাসের মাঝখানে চাপা পড়েন তিনি। এরপর একটি গাড়ি তার মাথার ওপর দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় আমরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল নিয়ে যাই। পরে সেখানে থেকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, আমরা নিহতের নাম-পরিচয় জানতে পারিনি। যাত্রাবাড়ী থানা পুলিশ আমাকে দিয়ে ওই যুবককে ঢাকা মেডিকেলে পাঠায়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। নিহতের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।

এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় চারজন প্রাণ হারিয়েছে। এর মধ্যে জামালপুরের মেলান্দহে মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায়  এক সাংবাদিক নিহত হন। চট্টগ্রামের বাঁশখালীতে ট্রাকচাপায় দুই যাত্রী প্রাণ হারায়। রাজবাড়ীতে মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হন। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবর:

জামালপুরে ট্রাক্টরের ধাক্কায় সাংবাদিক নিহত : জামালপুরে মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় গতকাল বুধবার দুপুরের দিকে উপজেলার খানপাড়া এলাকায় মেলান্দহ-ইসলামপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাংবাদিক কোরবান আলী দৈনিক গণমুক্তি পত্রিকার ইসলামপুর উপজেলা প্রতিনিধি এবং ইসলামপুর প্রেস ক্লাবের সহসভাপতি ছিলেন। নিহত সাংবাদিক  মেলান্দহ উপজেলার বীর হাতিজা এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ‘দুপুরের দিকে উপজেলার খানপাড়া এলাকায় মেলান্দহ-ইসলামপুর সড়কে মোটরসাইকেল থামিয়ে মোবাইলে কথা বলার সময় ইসলামপুর থেকে ছেড়ে আসা মেলান্দহগামী একটি মাহিন্দ্রা ট্রাক্টর এসে তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সাইফুন নাহার বলেন, ‘দুপুরের দিকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার কিছুক্ষণ পরই তিনি মারা যায়।’

মেলান্দহ থানার ওসি মাসুদুজ্জামান বলেন, ‘সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

সাংবাদিক কোরবান আলীর মৃত্যুতে প্রেস ক্লাব জামালপুরের ভারপ্রাপ্ত সভাপতি মুখলেছুর রহমান লিখন ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম শোক ও সমবেদনা প্রকাশ করছেন।

বাঁশখালীতে ট্রাক-সিএনজি সংঘর্ষে শিশুসহ নিহত ২, আহত ৪ : চট্টগ্রামের বাঁশখালীতে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার দুজন যাত্রী নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত আহত হয়েছেন আরও পাঁচজন। দুজনের অবস্থা আশঙ্কাজন হওয়ায় চমেকে পাঠানো হয়েছে বলে জানা যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় ঘাতক ট্রাককে জব্দ করা হয়েছে।

এ ঘটনায় নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম মো. ওয়াসিফ রায়হান (১৭)। সে কক্সবাজারের মহেশখালীর হোয়ানক এলাকার নুরুল ইসলামের ছেলে। সে কেরুনতলী পানিরছড়া আদর্শ উচ্চবিদ্যালয়ের এসএসসি-২৪ ব্যাচের ছাত্র। তবে এ ঘটনায় নিহত শিশুর নাম পরিচয় পাওয়া যায়নি।

গতকাল বুধবার বিকেলে বাঁশখালী আঞ্চলিক সড়কের (পিএবি সড়ক) বৈলগাঁও বাইন্যার দীঘিরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সিএনজিচালিত অটোরিকশার যাত্রীরা চট্টগ্রাম শহর থেকে চকরিয়া ও মহেশখালীর উদ্দেশে বাড়িতে যাচ্ছিলেন। দুপুরে বৈলগাঁও বাইন্যার দীঘিরপাড় এলাকায় পৌঁছালে একটি ট্রাক সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে একজন কিশোর মারা গেছে। স্থানীয় সিবি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যায়।

এতে নিহতরা হলো মহেশখালী উপজেলার কালারমার ছড়া ইউপি উত্তর নরবিনা ভাঙ্গার মুখ বড়ুয়াপাড়া এলাকার মালয়েশিয়া প্রবাসী সৈকত বড়ুয়ার তিন বছর বয়সী কন্যাসন্তান রশ্মি বড়ুয়া (৩) ও নিহত মো. ওয়াসিফ রায়হান (১৭)।

আহতরা হলেন কক্সবাজারের মহেশখালী হুয়ানক ইউপির ৫ নম্বর ওয়ার্ড সাবেক ইউপি সদস্য গোলাম কুদ্দুস (৬৮), নিহত শিশুকন্যার মা প্রিয়ন্তি বড়ুয়া (২১) ও সিএনজিচালক জাবের (১৯)।

এ বিষয়ে পুকুরিয়ার সিবি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. জামিউল হাসান জানান, হসপিটালে আনা এক শিশু মারা গেছে। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে চমেকে পাঠানো হয়েছে। এতে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি।

বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় ঘাতক ট্রাককে জব্দ করা হয়েছে।

রাজবাড়ীতে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু : রাজবাড়ীতে মোটরসাইকেলের ধাক্কায় নওয়াব আলী সরদার (৬০) নামে একজনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার আলীপুর ইউনিয়নের কামাল দিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নওয়াব আলী আলীপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কামালদিয়া গ্রামের ইমান আলী সরদারের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাস্তার পাশেই নওয়াব আলীর বাড়ি। বাড়ির সঙ্গেই একটি চায়ের দোকান। সেখানে বসে চা খান তিনি। চা খাওয়া শেষ করে দোকানের সঙ্গেই রাস্তায় ওঠেন তিনি। এ সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি রাস্তার পাশেই পড়ে যান। সঙ্গে সঙ্গেই পরিবারের লোক স্থানীয়দের সহযোগিতায় তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের নার্সিং ইনচার্জ সোনিয়া আক্তার বলেন, মৃত অবস্থায় নওয়াব আলী নামে একজনকে হাসপাতালে আনা হয়েছিল। তার মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে।

রাজবাড়ী আহলাদীপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) জুয়েল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত