পন্টিংয়ের জায়গায় দিল্লির কোচ হেমাঙ্গ বাদানি

আপডেট : ১৭ অক্টোবর ২০২৪, ০৭:৩৬ পিএম

দিল্লি ছেড়ে পাঞ্জাবে পাড়ি জমিয়েছেন হেড কোচ রিকি পন্টিং। তার শূন্যস্থান পূরণে হেমাঙ্গ বাদানিকে বেঁছে নিয়েছে ক্যাপিটালস কর্তৃপক্ষ। এবারের আইপিএলে দিল্লির ডাগআউটে কোচের চেয়ারে বসে থাকতে দেখা যাবে তাকে। একই সঙ্গে সৌরভ গাঙ্গুলির জায়গায় নতুন ক্রিকেট ডিরেক্টরের নামও জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। তিনি হলে বেনুগোপাল রাও।

এর আগে ২০২৩ মৌসুমে সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে ফিল্ডিং কোচ এবং স্কাউট হিসেবে যুক্ত ছিলেন বাদানি। ৪৭ বছর বয়সী বাদানি, ৪টি টেস্ট এবং ৪০টি ওয়ানডেতে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও ভারতের ঘরোয়া ক্রিকেটসহ বিশ্বের দেশে কোচিংয়ের অভিজ্ঞতা আছে তার।

এর মধ্যে লঙ্কান প্রিমিয়ার লিগে জাফনা কিংসের হয়ে টানা দুটি শিরোপা জিতেছেন। এসএটুয়েন্টির প্রথম মৌসুমে চ্যাম্পিয়ন দল সানরাইজার্স ইস্টার্ন কেপের ব্যাটিং কোচ ছিলেন হেমাঙ্গ। আইএলটিটোয়েন্টিতে দুবাই ক্যাপিটালসের হেড কোচ হিসেবে দলকে ফাইনালে তুলেছিলেন তিনি।

প্রতিক্রিয়ায় বাদানি বলেন, ‘দিল্লি ক্যাপিটালসে যোগ দেওয়া আমার কাছে পরম সম্মানের বিষয় এবং কোচ হিসেবে আমাকে বিশ্বাস করার জন্য আমি আমাদের দলের মালিকদের কাছে গভীরভাবে কৃতজ্ঞ। যেহেতু ইতিমধ্যেই মেগা অকশন এগিয়ে এসেছে, আমায় দ্রুত দলের বাকি সাপোর্ট স্টাফদের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তুলতে হবে। আমি কাজ শুরু করার জন্য অপেক্ষা করতে পারছি না।’

এখনো পর্যন্ত আইপিএল শিরোপার স্বাদ পায়নি ফ্র্যাঞ্চাইজিটি। রিশাভ পান্ত দলটির অধিনায়কত্ব করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত