চসিক

শাহাদাতের শপথের শঙ্কা কাটল

আপডেট : ১৭ অক্টোবর ২০২৪, ০৮:০১ পিএম

চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে (চসিক) বাদ দিয়ে মেয়র অপসারণ সংক্রান্ত সংশোধিত প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এর ফলে বিএনপি মনোনীত প্রার্থী শাহাদাত হোসেনের শপথ গ্রহণ নিয়ে সকল শঙ্কা দূর হলো। আগামী সপ্তাহের শুরুতে তাকে মেয়র হিসেবে শপথ পড়ানো হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে বৃহস্পতিবার এ সংশোধিত প্রজ্ঞাপন জারি করা হয়। মন্ত্রণালয়ের উপ-সচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে গত ১৯ আগস্ট জারিকৃত বাংলাদেশের সিটি কর্পোরেশনসমূহের প্রশাসক নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন থেকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন অংশ বিলুপ্ত করা হয়। 

সংশোধিত প্রজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে মেয়র হিসেবে শাহাদাত হোসেনের শপথ গ্রহণে আর বাধা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। 
প্রজ্ঞাপন জারির বিষয়টি নিশ্চিত করে শাহাদাত হোসেনের ব্যক্তিগত সহকারী মারুফুল হক চৌধুরী দেশ রূপান্তরকে জানান, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সংশোধিত প্রজ্ঞাপন আমরা হাতে পেয়েছি। শুক্র ও শনিবার যেহেতু ছুটির দিন, তাই অফিস খোলার পর আগামী সপ্তাহের শুরুতে শপথ অনুষ্ঠানের সম্ভাবনা রয়েছে।

২০২১ সালের ২৭ জানুয়ারি অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেজাউল করিম চৌধুরীকে জয়ী ঘোষণা করেছিল নির্বাচন। কমিশন ঘোষিত ফলাফল অনুযায়ী গেজেট প্রকাশের পর যথারীতি শপথ গ্রহণ ও প্রায় সাড়ে তিন বছর চসিক মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

অন্যদিকে, নির্বাচনে কারচুপি ও অনিয়মের অভিযোগ এনে ফলাফল বাতিল চেয়ে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেন বিএনপি প্রার্থী শাহাদাত হোসেন। গত ১ অক্টোবর ওই মামলার রায়ে আদালত নির্বাচন কমিশন ঘোষিত ফলাফল বাতিল এবং শাহাদাত হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা দেন। একই সঙ্গে নির্বাচন কমিশন সচিবকে ১০দিনের গেজেট প্রকাশেরও আদেশ দেন।

আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে ৮ অক্টোবর শাহাদাত হোসেনকে মেয়র ঘোষণা দিয়ে নির্বাচন কমিশন সচিবালয় থেকে সংশোধিত প্রজ্ঞাপন জারি করা হয়। কিন্তু ইতিপূর্বে চট্টগ্রামসহ দেশের সবগুলো সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ করে প্রশাসক নিয়োগ দেওয়ার কারণে শাহাদাতে শপথ গ্রহণ নিয়ে কিছুটা অনিশ্চয়তার সৃষ্টি হয়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত