পণ্যের দাম ভোক্তাদের নাগালে রাখতে সরবরাহ ব্যবস্থায় পণ্যের হাতবদলের ধাপ কমিয়ে আনার আহ্বান জানিয়েছেন এফবিসিসিআইর প্রশাসক মো. হাফিজুর রহমান। এ ছাড়া নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের যৌক্তিক মুনাফা করার আহ্বান জানিয়েছেন তিনি। গতকাল বৃহস্পতিবার এফবিসিসিআইর মতিঝিল কার্যালয়ে ডিম, ব্রয়লার মুরগি, পেঁয়াজ, আলুসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এই আহ্বান জানান।
সভায় স্বাগত বক্তব্যে এফবিসিসিআইর প্রশাসক বলেন, বন্যাসহ প্রাকৃতিক দুর্যোগের কারণে নিত্যপণ্যের কিছুটা মূল্যবৃদ্ধি হয়। তবে বর্তমানে দ্রব্যমূল্য অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে, যা ভোক্তাদের অস্বস্তিতে ফেলেছে। সরবরাহ ব্যবস্থায় কয়েক ধাপে পণ্য হাতবদলের কথা আমরা শুনেছি। অনাবশ্যক হাতবদল কমিয়ে কীভাবে যৌক্তিক মূল্যে পণ্য ভোক্তার কাছে পৌঁছে দেওয়া যায় সে ব্যাপারে ব্যবসায়ী সম্প্রদায়কে এক সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার ম-ল বলেন, অন্তর্বর্তী সরকারের বিভিন্ন পদক্ষেপের পরিপ্রেক্ষিতে বাজারে ডিমসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমতে শুরু করেছে। সরবরাহ সংকটও কমতে শুরু করেছে।
সভায় বক্তব্য রাখেন নিত্যপ্রয়োজনীয় পণ্যের খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা, বিভিন্ন বাজার সমিতির নেতারা, বাজার বিশ্লেষক এবং সরকারি কর্মকর্তারা। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে বাজারে ডিম, মুরগি, পেঁয়াজ, আলুসহ নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে উৎপাদক ও কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানান খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা।
এতে উপস্থিত ছিলেন এফবিসিসিআইর মহাসচিব মো. আলমগীর, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের পরিচালক ড. উর্মি বিনতে সালাম, কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সাংগঠনিক সম্পাদক সৈয়দ মিজানুর রহমান, শ্যামবাজার কৃষি পণ্য আড়ত বণিক সমিতির সহসভাপতি হাজী মো. মাজেদ, কারওয়ান বাজার পাইকারি কাঁচাবাজার আড়ত মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সাইফুর রহমান চৌধুরী প্রমুখ।
বাংলাদেশ জলবায়ু সংকটের কারণে ইতিমধ্যে দুটি বড় বন্যার শিকার হয়েছে। ফলে কাঁচা সবজিসহ নিত্যপণ্যের ঘাটতি দেখা দিয়েছে। এর ফলে সব ধরনের পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে।
