রাজনৈতিক কারণে এক দশকের বেশি সময় ধরে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ আছে। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে যে, দ্বিপাক্ষিক ক্রিকেটীয় সম্পর্ক পুনরায় চালু করার বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে। তবে এই খবর সত্যি নয় বলে নিশ্চিত করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল।
সাংহাই কো–অপারেশন অর্গানাইজেশনের বৈঠকে অংশ নিতে সম্প্রতি পাকিস্তান সফরে গিয়েছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। গত মঙ্গলবার সেখানে তিনি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং স্বরাষ্ট্রমন্ত্রী ও পিসিবি প্রধান মহসিন নাকভির সঙ্গে তার বৈঠক হয়েছিল। কিছু গণমাধ্যম দাবি করেছিল, ওই বৈঠকে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ক চালুর বিষয়ে আলোচনা হয়েছে।
তবে গতকাল বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে জয়সোয়াল বলেন, ‘ক্রিকেট নিয়ে কোনো আলোচনা হয়েছে কি হয়নি….. আমি বলব এমন কিছুই ঘটেনি। যে প্রতিবেদনটি আপনি দেখেছেন, সেটি সঠিক নয়।’
২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। আর ভারত ক্রিকেট দল পাকিস্তানে সর্বশেষ খেলতে গেছে ২০০৮ সালে। তাই আগামী ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিতব্য ওই আসরে ভারত অংশ নেবে কিনা- তা এখনো অনিশ্চিত। পাকিস্তানের দিক থেকে আগ্রহ থাকলেও ভারত সরকার নিরাপত্তার কারণ দেখিয়ে তাদের ক্রিকেট দলকে পাকিস্তানে যাওয়ার অনুমতি দেয় না।
‘ডাক’ মারার রেকর্ডে কোহলির পরেই তামিম
‘ইয়ামাল অনেক উঁচু মানের ব্যতিক্রমী প্রতিভা’