মালয়েশিয়ায় বাড়ছে শ্রমিকদের মজুরি, ন্যূনতম ১৭০০ রিংগিত

  • মালয়েশিয়ায় শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭০০ রিংগিত নির্ধারণ করা হচ্ছে
  • ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি থেকে ন্যূনতম এ মজুরি কার্যকর করা হবে
আপডেট : ১৯ অক্টোবর ২০২৪, ০৪:২০ পিএম

মালয়েশিয়ায় থাকা দেশি-বিদেশি শ্রমিকদের জন্য বড় সুখবর দিয়েছে দেশটির সরকার। দেশটিতে শ্রমিকদের ন্যূনতম মজুরি ২০০ রিংগিত বৃদ্ধি করে ন্যূনতম ১৭০০ রিংগিত নির্ধারণ করা হচ্ছে। সরকারের এ সিদ্ধান্তে ভাগ্য খুলছে বাংলাদেশিসহ অন্যান্য শ্রমিকদের।

গতকাল শুক্রবার দেশটির জাতীয় সংসদে আগামী ২০২৫ সালের বাজেট পেশ করার সময় প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এ তথ্য জানান। আগামী বছর থেকে একটি প্রগতিশীল মজুরি নীতি কার্যকর করার পরিকল্পনাও ঘোষণা করেন তিনি।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আনোয়ার ইব্রাহিম বলেন, ‘২০২৫ সালের ১ ফেব্রুয়ারি থেকে ন্যূনতম মজুরি ১৫০০ থেকে বাড়িয়ে ১৭০০ রিংগিত করা হচ্ছে।’

এর আগে ২০২২ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকোব ওই বছরের ১ মে থেকে শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫০০ রিংগিত নির্ধারণ করেছিলেন।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম প্রধানমন্ত্রীর পাশাপাশি অর্থমন্ত্রীর দায়িত্বও পালন করেন। তিনি জানান, মানবসম্পদ মন্ত্রণালয় শিল্প ও উৎপাদন প্রযুক্তিবিদদের ২২৯০ রিংগিত, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের ৩৩৮০ রিংগিত এবং পেশাদার সৃজনশীল বিষয়বস্তু ডিজাইনারদের ২৯৮৫ রিংগিত প্রারম্ভিক বেতনের জন্য একটি নির্দেশিকাও প্রকাশ করা হবে।

তিনি আরও জানান, ‘চরম দারিদ্র্য দূর করার জন্য পিপলস ইনকাম ইনিশিয়েটিভে (আইপিআর) ২৫০ মিলিয়ন রিংগিত বরাদ্দ করা হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত