এবার গায়িকা হিসেবে আবির্ভূত হয়েছেন শ্রীলঙ্কান বংশোদ্ভূত বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। তার প্রথম গান ‘স্টর্মরাইডার’ ইউটিউবে আট মিলিয়নের বেশি ভিউ পেয়ে রীতিমতো আলোচনার ঝড় তুলেছে গান করার অনুপ্রেরণা কোথায় পেয়েছেন?
গান সবসময়ই আমার জীবনের একটি বড় অংশ ছিল। আমার বাবা নিজেও একজন পার্ট টাইম ডিজে (ডিস্ক জকি)। বড় হয়ে আমি অনেক ঘরানার গানের সংস্পর্শে এসেছি। কিছুদিন আগেও আমার মনে হয়নি নিজের এই দিকটি তুলে ধরা ঠিক হচ্ছে। ‘স্টর্মরাইডার’ করতে গিয়ে অভিজ্ঞতা হয়েছে। গানটি পরিবর্তন ও প্রাণোচ্ছলতা নিয়ে যা আমি ব্যক্তিগতভাবে অনুভব করেছি।
স্টর্মরাইডার নিয়ে কাজ করার অভিজ্ঞতা বলুন
আমি জীবনে এমন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি, যেখানে আমাকে মানিয়ে নিতে হয়েছিল। স্টর্মরাইডার সেই অশান্ত মুহূর্তে ভরসা পেতে সহায়তা করবে। এটি এমন ঝড়, যা বিশৃঙ্খল মনে হতে পারে, কিন্তু নতুন পথও দেখিয়ে দেয়। মানে এগিয়ে যেতে সহায়তা করে।
গান ও অভিনয়ে ভারসাম্য রাখবেন কীভাবে?
আমি মনে করি গান ও অভিনয় একে অন্যের পরিপূরক। দুটিই সৃজনশীল এবং আমি উপভোগ করি। তা সিনেমার শুটিং হোক বা স্টুডিও রেকর্ডিংয়ে। যদিও স্টর্মরাইডার তৈরির পেছনে একটি দুর্দান্ত দল আছে। তাদের সাহায্য আমাকে ভারসাম্য নিশ্চিত করতে সাহায্য করেছে।
আপনার ক্যারিয়ার নারীদের কীভাবে অনুপ্রাণিত করে?
আমি মনে করি নারীদের নির্ভীক হতে এবং তাদের স্বপ্ন তাড়া করতে আমার ক্যারিয়ার অনুপ্রাণিত করতে পারে। তা যত বড় বা ছোট হোক না কেন। জীবন অনিশ্চিত, তবে আমি নারীদের বলতে চাই তারা তাদের নিজস্ব পথ তৈরি করতে পারে। মানিয়ে চলা আমাদের অন্যতম বড় শক্তি।
গান ছাড়া আর কী করতে পছন্দ করেন?
আমি প্রাণীদের নিয়ে কাজ করতে আগ্রহী। সবসময় প্রাণী সুরক্ষার পক্ষে ছিলাম। আমার প্ল্যাটফর্ম তাদের সঙ্গে ভালো আচরণের গুরুত্ব নিয়ে সচেতনতা বাড়াতে কাজ করে।
