ইউক্রেনের সঙ্গে যুদ্ধে রাশিয়াকে সহায়তা 

চীনের দুই কোম্পানির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

আপডেট : ২০ অক্টোবর ২০২৪, ০৫:০২ পিএম

চীনের দুই কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়ান সংস্থাগুলোর সঙ্গে মিলে দূরপাল্লার আক্রমণকারী ড্রোন ডিজাইন, নির্মাণ এবং জাহাজীকরণে সহযোগিতা করার অভিযোগে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়। 

গত বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, চীনের ওই দুই কোম্পানি রাশিয়ার গারপিয়া সিরিজের দূরপাল্লার ইউএভি (আনম্যানড এরিয়াল ভেহিকল) আক্রমণকারী ড্রোনটি যৌথভাবে ডিজাইন করেছে। ওই ড্রোনটি চীনে উৎপাদিত হওয়ার পর সরাসরি রাশিয়ায় পাঠানো হয়েছে। 

মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের নিষেধাজ্ঞা আরোপ করা প্রথম চীনা কোম্পানিটি হলো জিয়ামেন লিম্বাচ এয়ারক্রাফ্ট ইঞ্জিন। যুক্তরাষ্ট্র দাবি করেছে, এই কোম্পানিটি ইউএভি ড্রোনে স্থাপন করা ইঞ্জিনটি তৈরি করেছে। 

দ্বিতীয় কোম্পানি হলো, রেডলেপাস ভেক্টর ইন্ডাস্ট্রি শেনজেন। রাশিয়ায় ড্রোন সরবরাহের সুবিধার্থে রাশিয়ান প্রতিরক্ষা সংস্থা টিএসকে ভেক্টরের সাথে কাজ করার অভিযোগে এই কোম্পানিকে অভিযুক্ত করা হয়েছে।

মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের তথ্য অনুসারে, যদিও মার্কিন যুক্তরাষ্ট্র এর আগে রাশিয়ার সামরিক-শিল্প ঘাঁটিতে ব্যবহৃত বিভিন্ন উপাদান সরবরাহের জন্য চীনা সংস্থাগুলোকে নিষেধাজ্ঞা দিয়েছে; তবে রাশিয়ান সংস্থাগুলোর সাথে সরাসরি সম্পৃক্ত হয়ে ড্রোন ডিজাইন ও উৎপাদন করায় চীনা সংস্থাগুলোর বিরুদ্ধে এটিই প্রথম নিষেধাজ্ঞা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত