মফস্বল সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘নেলসন ম্যান্ডেলা পিস অ্যাওয়ার্ড’ পেয়েছেন দেশ রূপান্তরের শেরপুরের নকলা উপজেলা সংবাদদাতা শফিউজ্জামান রানা।
গত শনিবার বিকেলে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে বিশ^ কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে এশিয়া স্বপ্নপূরী ফাউন্ডেশন ও সার্ক কালচারাল কাউন্সিলের যৌথ উদ্যোগে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, গুণিজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা শেষে গুণিজন সংবর্ধনা প্রদানের অংশ হিসেবে দেশের বিভিন্ন পর্যায়ের গুণী ব্যক্তিদের এই নেলসন ম্যান্ডেলা পিস অ্যাওয়ার্ড-২০২৪ প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এশিয়া স্বপ্নপূরী ফাউন্ডেশনের উপদেষ্টা ও আইইউবিএটির অধ্যাপক ড. এমএ সাত্তার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ফয়সাল মাহমুদ ফরাজি। প্রধান আলোচক ছিলেন গণমাধ্যম ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব জাসাসের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি রেজাবুদৌলা চৌধুরী।
অনুষ্ঠানে জনপ্রিয় নজরুল সংগীতশিল্পী ফেরদৌস আরাকে নেলসন ম্যান্ডেলা পিস অ্যাওয়ার্ড-২০২৪ আজীবন সম্মাননা এবং শিশুকন্যা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কারসহ ৫০ জনকে অ্যাওয়ার্ড এবং সনদ দেওয়া হয় কাউন্সিলের পক্ষ থেকে। তাদের মধ্যে মফস্বল সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য অ্যাওয়ার্ড ও প্রশংসাপত্র দেওয়া হয় নকলার সাংবাদিক শফিউজ্জামান রানাকে।
