চট্টগ্রাম সিটি কর্পোরেশন

শাহাদাতের শপথ গড়ালো আগামী সপ্তাহে

আপডেট : ২১ অক্টোবর ২০২৪, ০৬:৩৬ পিএম

আদালতের রায় অনুযায়ী বিএনপি নেতা শাহাদাত হোসেনকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা দিয়ে নির্বাচন কমিশন থেকে সংশোধিত গেজেট প্রকাশের দুই সপ্তাহ অতিবাহিত হলেও এখনো শপথের দিনক্ষণ ঠিক হয়নি। 

সংশ্লিষ্ঠ সূত্রে জানা যায়, স্থানীয় সরকার উপদেষ্টার শারীরিক অসুস্থতার কারণে চলতি সপ্তাহে শপথ হচ্ছে না। এ অবস্থায় আগামী সপ্তাহে তার শপথ হবার আভাস মিলেছে।

চসিক সূত্র জানায়, চলতি সপ্তাহেই শপথ আয়োজনের চিন্তা ভাবনা ছিল। স্থানীয় সরকার উপদেষ্টা শপথ পাঠ করানোর বিষয়টিও চূড়ান্ত ছিল। কিন্তু উপদেষ্টার শারীরিক অসুস্থতার কারণে শপথ অনুষ্ঠানের পেছানোর সিদ্ধান্ত হয়।

সদ্য ঘোষিত চসিক মেয়র শাহাদাত হোসেন দেশ রূপান্তরকে বলেন, স্থানীয় সরকার উপদেষ্টা অসুস্থ থাকার কারণে শপথ অনুষ্ঠানে বিলম্ব হচ্ছে। এখন পর্যন্ত আমাকে শপথে দিনক্ষণের বিষয়ে জানানো হয়নি। আগামী রোববার উপদেষ্টা অফিস করবেন বলে জেনেছি। উনি অফিসে এলেই শপথের সময় নির্ধারণ করবেন বলে আমাকে জানানো হয়েছে।

২০২১ সালের ২৭ জানুয়ারি অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রাথী মো. রেজাউল করিম চৌধুরীকে নির্বাচিত ঘোষণা করে ওই বছর ৩১ জানুয়ারি গেজেট প্রকাশ করেছিল নির্বাচন কমিশন। আর ১১ ফেব্রুয়ারি মেয়র হিসেবে শপথ নেন রেজাউল করিম। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ শপথ পড়ান।

ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন ও নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর গত ১৯ আগস্ট স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে চট্টগ্রামসহ দেশের ১২টি সিটি কর্পোরেশনের মেয়রদের অপসারণ করা হয়। এর একচল্লিশ দিনের মাথায় চসিক নির্বাচন নিয়ে বিএনপি প্রার্থী শাহাদাত হোসেনের সাড়ে তিন বছর আগে করা মামলার রায় ঘোষণা করে নির্বাচনী ট্রাইব্যুনাল। রায় অনুসারে সংশোধিত গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত