বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে সড়কে প্রাণ গেল কিশোরের

আপডেট : ২১ অক্টোবর ২০২৪, ০৬:৫৭ পিএম

কুমিল্লার চান্দিনায় বন্ধুদের সাথে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে ইয়াছিন আহমেদ (১৫) নামে এক কিশোর মৃত্যু হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল চালক ও অপর এক আরোহী।

সোমবার (২১ অক্টোবর) উপজেলার নূরীতলা বাস স্টেশন-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইনচার্জ দেওয়ান কৌশিক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিহত ইয়াছিন আহমেদ চান্দিনা উপজেলার বাতাঘাসী ইউনিয়নের সব্দলপুর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে এবং আহতরা একই গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে মোশারফ (২৬) ও মেহবুব মিয়ার ছেলে অনিক (১৬)।

এলাকাবাসী সূত্রে জানা যায়, তারা প্রতিদিন মোটরসাইকেল নিয়ে কোথাও না কোথাও ঘুরতে বের হতেন। প্রতিদিনের মতো সোমবার দুপুরে মোশারফ হোসেন মোটরসাইকেলে তাদেরকে নিয়ে ঘুরতে বের হন। নিজ বাড়ি থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হয়ে কুমিল্লায় যাওয়ার পথে নূরীতলা এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।

প্রত্যক্ষদর্শী সিরাজুল ইসলাম জানান, খুব দ্রুত গতিতে মোটরসাইকেলটি ছুটে আসছিল। এ সময় একটি বাস তাদেরকে অতিক্রম করার সময় মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ রাখতে না পেরে এক পথচারীকে ধাক্কা দিয়ে মহাসড়কে পড়ে যান। তাদেরকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ইয়াছিনকে মৃত ঘোষণা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত