শেখ হাসিনা সরকারের ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের ৩টি নির্বাচনে যারা সহযোগিতা করেছে তাদেরকেও শাস্তির আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
সোমবার (২১ অক্টোবর) সেগুনবাগিচায় বিএমএ ভবনের শহীদ ডা. শামসুল আলম খান মিলন সভাকক্ষে প্রতিনিধিত্বশীল রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীদের অংশগ্রহণে আয়োজিত গোলটেবিল বৈঠকে তিনি একথা বলেন।
রেজাউল করীম বলেন, পতিত ফ্যাসিস্ট সরকার নির্বাচন কমিশন এবং প্রশাসনকে ব্যবহার করে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনসহ ৩টি নির্বাচন করেছে। আর এসব একতরফা, ভুয়া, পাতানো ও ডামি নির্বাচনের মাধ্যমে যারা তাদের অবৈধ ক্ষমতা দীর্ঘায়িত করার সুযোগ করে দিয়েছে- তারাও সমান অপরাধী। তাই তাদেরকেও শাস্তির মুখোমুখি করতে হবে।
জুলাই বিপ্লব এবং ৫ আগস্টের অভ্যুত্থানের পর গত ৮ আগস্ট আন্তর্জাতিক খ্যাতিমান ব্যক্তিত্ব নোবেলজয়ী ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। ফ্যাসিবাদ ও স্বৈরাচার বিরোধী আন্দোলনে ধারাবাহিক ভূমিকা পালনকারী এবং ছাত্র জনতার গণঅভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণকারী ইসলামী আন্দোলন বাংলাদেশ ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে শুরু থেকেই সমর্থন দিয়ে আসছে। একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে দেশ ও জনগণের কল্যাণে একটি স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ তৈরি এবং অর্থনীতি পুনর্গঠনে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে অব্যাহতভাবে সহযোগিতা করে যেতে চাই।
অন্তর্বর্তীকালীন সরকারকে দেশের শান্তিকামী জনগণ এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র-জনতা ও রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থার পরিবেশ তৈরি করতে হবে বলে উল্লেখ করেন তিনি।
আমাদের দেশে অনেকে ট্রল হতে হতে তারকা হয়ে গেছে: তাইজুল
সোনালের নজরকাড়া ছবিতে মাতোয়ারা শাকিব ভক্তরা