‘ভারতের বিপক্ষে তিন গোলরক্ষকই শতভাগ প্রস্তুত’

আপডেট : ২২ অক্টোবর ২০২৪, ১০:৩২ এএম

সাফ উইমেন’স চ্যাম্পিয়নশিপের সেরা চারে ওঠার লড়াইয়ে বাংলাদেশের সামনে এবার ভারত। এর আগে পাকিস্তানের বিপক্ষে ১-১ ড্র করায় টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় আছে বাংলাদেশের মেয়েরা। ভারতের বিপক্ষে তিন গোলের ব্যবধানে হার এড়াতে পারলে সেরা চারের মঞ্চে উঠবে পিটার বাটলারের দল।

ভারতের বিপক্ষে গতবার গ্রুপ পর্বের ম্যাচে ৩-০ গোলে জিতেছিল বাংলাদেশ। পাকিস্তানকে দুই বছর আগে হারিয়েছিল ৬-০ গোলে। এবার পাকিস্তানের সঙ্গে ড্র করার পর গোলপোস্ট আগলে রাখাটা বড় চ্যালেঞ্জ। তাই রূপনা, ইয়ারজান বেগম ও মিলি আক্তার-তিন গোলকিপারকেই প্রস্তুত রাখছেন গোলরক্ষক কোচ উজ্জ্বল।

তিনি বলেছেন, ‘তিন গোলরক্ষকই শতভাগ প্রস্তুত। রুপনাকেই পোস্টের নিচে আশা করছি। আপনারা জানেন, আমার প্রতিটি গোলরক্ষকেরই উচ্চতার সমস্যা আছে। তো এরিয়াল বলগুলো নিয়ে সমস্যা হচ্ছে, যেগুলো নিয়ে আমি অনেক কাজ করেছি, দেশে এবং দেশ থেকে আসার পরে। আজও আপানারা দেখেছেন, আমরা এরিয়াল বল নিয়ে কাজ করেছি। মেয়েদের উন্নতি দেখে আমি সন্তুষ্ট।’

উজ্জ্বল আরও বলেন, ‘আমি আমার তিন গোলকিপার নিয়েই খুশি। আজকেও আপনারা দেখেছেন, সেট-পিস নিয়ে কাজ হয়েছে। আমার পরবর্তী যে দুই গোলকিপার আছে ইয়ারজান ও মিলি, দুজনেই প্রস্তুত আছে। আমি যাকে ইচ্ছা রূপনার জায়গায় কাজে লাগাতে পারব। আমি গোলকিপিং পজিশন নিয়ে ভয় পাচ্ছি না। বদলি গোলকিপারের সাথে প্রথম পছন্দের গোলকিপারের ব্যবধান উনিশ-বিশ।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত