পশ্চিমবঙ্গে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় দানা, ৪ দিন বন্ধ স্কুল

  • বৃহস্পতিবার রাতের মধ্যেই পশ্চিমবঙ্গ উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় দানা
  • পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে লাল ও কমলা সতর্কতা জারি করা হয়েছে
আপডেট : ২৩ অক্টোবর ২০২৪, ০৩:০৫ পিএম

বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি ইতিমধ্যে আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। প্রাথমিকভাবে ভারতের ওডিশা বা পশ্চিমবঙ্গের উপকূল এলাকায় আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়টি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, বুধবার সকালে ঘূর্ণিঝড়টি পারাদ্বীপ (ওড়িশা) থেকে ৫৬০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং সাগর দ্বীপের (পশ্চিমবঙ্গ) ৬৩০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পূর্বে অবস্থান করছে।

বৃহস্পতিবার রাতের মধ্যেই এটি পশ্চিমবঙ্গ উপকূলে আছড়ে পড়তে পারে বলে সতর্ক করেছে আবহওয়া বিভাগ।

এদিকে এই ঘূণিঝড় ‘দানা’ নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে পশ্চিমবঙ্গ উপকূলে। রাজ্যটিতে ইতিমধ্যে টানা ৪ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ এবং এক দিনের জন্য রেল যোগাযোগ বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এছাড়া পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে লাল ও কমলা সতর্কতা জারি করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ঘূর্ণিঝড় দানা সম্পর্কে ভারতের আবহাওয়া অধিদপ্তরের (আইএমডি) পূর্বাভাসের পর মঙ্গলবার পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের ৯ টি জেলার সব স্কুল ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ২৩ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত চারদিনের জন্য বন্ধ ঘোষণা করেছে।

এদিকে, টাইমস অব ইন্ডিয়া জানায়, ঘূর্ণিঝড় দানার কারণে পশ্চিমবঙ্গের শিয়ালদহ ডিভিশনে ১৬০টি ট্রেন বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাত ৮টা থেকে পরদিন সকাল ১০টা পর্যন্ত সেখানে কোনও ট্রেন চলাচল করবে না।

মঙ্গলবার এক বিবৃতিতে পূর্বাঞ্চলীয় রেল জানিয়েছে, ২৪ তারিখ ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলে ঘূর্ণিঝড়টি আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে ঘূর্ণিঝড় দানা মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে পশ্চিমবঙ্গ কর্তৃপক্ষ। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় অগ্নিনির্বাপক দল ও জরুরি পরিষেবা মোতায়েন করা হয়েছে। পাশাপাশি, নিয়ন্ত্রণ কক্ষে একটি মনিটরিং ব্যবস্থাও রাখা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত