কড়া নিড়াপত্তায় শুটিংয়ে সালমান 

আপডেট : ২৩ অক্টোবর ২০২৪, ০৩:১৮ পিএম

প্রাণনাশের হুমকিও দমাতে পারেনি বলিউড তারকা সালমান খানকে। বরং সব হুমকিকে ফুঁ মেরে উড়িয়ে সালমান এখন ব্যস্ত ছবির শুটিংয়ে।

সূত্রের খবর, রোহিত শেঠির ‘সিংহাম এগেইন’ ছবিতে ‘চুলবুল পাণ্ডে’ রূপে ক্যামিও চরিত্রে দেখা যাবে সালমান খানকে। কড়া নিরাপত্তার মধ্যে শুটিং করলেন তিনি। সালমানের জন্য নাকি বিশেষ নিরাপত্তার ব্যবস্থাও করেছিলেন রোহিত শেঠি ও তার টিম। সালমানের সঙ্গে শুটিংয়ে ছিলেন অজয় দেবগণও।

জানা গেছে, সম্প্রতি সালমানকে হুমকি দেওয়ার পর থেকে ওয়াই প্লাস নিরাপত্তা পাচ্ছেন তিনি। খুব প্রয়োজন না হলে বাসা থেকেও বের হবার বারণ ছিল। এমতাবস্থায় পূর্ব পরিকল্পনানুযায়ী সালমানকে নিয়ে শুট করার শিডিউল থাকলে তা পেছানোর কথা বলেন পরিচালক রোহিত শেঠি ও অজয় দেবগণ। কিন্তু সালমান যেহেতু কথা দিয়েছেন তিনি তার কথা রাখবেন। আর তাই কথা রাখতেই শুটিংয়ে যোগ দেন ভাইজান। 

প্রসঙ্গত, কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় নাম জড়ানোর পর থেকেই লরেন্স বিষ্ণোইর নেতৃত্বাধীন বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় সালমান খান। আতঙ্ক বাড়ে বাবা সিদ্দিকির হত্যাকাণ্ডের পর থেকে। বন্ধুর মৃত্যুতে ভেঙে পড়েছেন সালমান। এদিকে সুপারস্টারের নিরাপত্তা আরও বাড়িয়ে দেওয়া হয়েছে।

এমনকি ‘বিগ বস’ শোয়ের ‘উইকেন্ড কা ভার’ এপিসোডে শিল্পা শিরোদকরের সঙ্গে কথা বলতে গিয়ে সালমান জানান, তার এই এপিসোড করার একেবারেই ইচ্ছে ছিল না। কিন্তু কাজটা করতেই হতো তাই শুটিং ফ্লোরে এসেছেন।

সালমানের সুরক্ষা নিয়ে চিন্তিত সঙ্গীতশিল্পী অনুপ জালোটা। তিনি মনে করেন অন্যকিছু না ভেবে নিজের ও নিজের পরিবারের সুরক্ষার জন্য সালমানের উচিত বিষ্ণোইদের মন্দিরে গিয়ে ক্ষমা চাওয়া।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত