নাটোরের লালপুরে উধনপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে নিয়োগ নিয়ে দ্বন্দ্বের জেরে দুই শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। তারা ক্লাস বর্জনেরও ঘোষণা দেন।
আজ বুধবার (২৩ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে বিদ্যালয়ের কাছে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীরা হলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল হোসেন ও সহকারী শিক্ষক জান্নাতুল ফেরদৌস।
ভুক্তভোগী বেলাল হোসেন ও জান্নাতুল ফেরদৌস বলেন, প্রতিদিনের মতো আমরা ৫ শিক্ষক মোটরসাইকেল যোগে বিদ্যালয়ে যাচ্ছিলাম। পথে মোটরসাইকেলের গতি রোধ করে এলাকার মানসুর রহমান ও আব্দুর রহমান ঝাটুর নেতৃত্বে আমাদের ওপর হামলা হয়। খবর পেয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের উদ্ধার করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রধান শিক্ষককে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানিয়ে কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছেন বিদ্যালয়ের শিক্ষকরা।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মানসুর রহমান বলেন, কোনও শিক্ষককে মারধর করা হয়নি৷ তাদের স্কুলে আসতে নিষেধ করা হয়েছে এবং আব্দুর রহমান ঝাটু কোনও মন্তব্য করেননি।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান রাজুকে মোবাইল ফোনে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
