সচিবালয়ে ঢুকে গেল শিক্ষার্থীরা চড়াও পুলিশ আটক ৫৪

আপডেট : ২৪ অক্টোবর ২০২৪, ০৭:১৯ এএম

চলতি বছরের এইচএসসি পরীক্ষায় ফল পুনর্মূল্যায়ন করে বৈষম্যহীন ফলাফলের দাবিতে গতকাল বুধবার সচিবালয়ে ঢুকে বিক্ষোভ করেছেন একদল শিক্ষার্থী। পরে পুলিশ শিক্ষার্থীদের ধাওয়া, লাঠিপেটা করে সচিবালয় এলাকা থেকে সরিয়ে দেয়। এ সময় সেখান থেকে অন্তত ৫৪ শিক্ষার্থীকে আটক করা হয়। দেশের প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয় স্পর্শকাতর ও কেপিআইভুক্ত এলাকা হিসেবে পরিচিত। বিশেষ পাস ছাড়া এর ভেতরে প্রবেশের কোনো সুযোগ নেই। কিন্তু অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সচিবালয়ের ভেতরে এবং আশপাশ এলাকায় প্রায় প্রতিদিনই বিক্ষোভ-হট্টগোলের দৃশ্য দেখা যায়।

গতকাল সচিবালয়ে ঢুকে পড়া শিক্ষার্থীদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ শাখার উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান। তিনি দেশ রূপান্তরকে বলেন, ‘যাদের আটক করা হয়েছে, তাদের থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে আশঙ্কাজনক কিছু পেলে তাদের বিরুদ্ধে মামলা করা হবে কি না সেটা বিবেচনা করা হবে।’

গত ২০ আগস্ট চলমান এইচএসসি পরীক্ষার অবশিষ্ট বিষয়গুলোয় নতুন করে আর পরীক্ষা না নিয়ে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে এইচএসসি ফল প্রকাশের দাবিতে হঠাৎ মিছিল নিয়ে সচিবালয়ে ঢুকে পড়েন শতাধিক শিক্ষার্থী। শিক্ষার্থীদের চাপে তখন দাবি মেনে নিয়ে বাকি পরীক্ষা না নিয়েই বিশেষ প্রক্রিয়ায় ফল প্রকাশ করে সরকার। তবে পরীক্ষার্থীদের একাংশ সেই ফলাফল মানতে নারাজ। তারা চান বৈষম্যহীন ফলাফল। সেই দাবিতে গতকাল বেলা ২টা ৫০ মিনিটের দিকে শতাধিক শিক্ষার্থী সচিবালয়ে ঢুকে পড়েন।

তারা সেখানে ‘আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘মুগ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’, ‘তুমি কে আমি কে ছাত্র-ছাত্র’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম-সংগ্রাম’ ইত্যাদি সেøাগান দেন।

সেখানে দায়িত্বপালনরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রথমে তাদের সরে যাওয়ার অনুরোধ করেন। কিন্তু তারা সরে না যাওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেন। এ সময় তাদের লাঠিপেটাও করা হয়। পুলিশের পাশাপাশি সচিবালয়ের কর্মচারীরাও তাদের মারধর করেন।

বেলা ৩টার দিকে বিক্ষোভকারী শিক্ষার্থীদের একটি বড় অংশকে সচিবালয়ের ভেতর থেকে বের করে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আর কিছুসংখ্যক শিক্ষার্থীকে আটক করে পুলিশ।

বিকেল সোয়া ৪টার দিকে সচিবালয়ে দায়িত্বরত পুলিশের এক কর্মকর্তা বলেন, এই ঘটনায় আটকের সংখ্যা ৫৩ জন। আটকদের বিকেল সাড়ে ৪টার দিকে দুটি প্রিজনভ্যানে করে সচিবালয়ের ভেতর থেকে নিয়ে যেতে দেখা যায়।

বিক্ষোভকালে একজন শিক্ষার্থী বলেন, তারা এইচএসসি পরীক্ষার বৈষম্যহীন ফলাফল চান। পাশাপাশি বিভিন্ন বোর্ডে তাদের ওপর যে হামলা হয়েছে, তার বিচার চান। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন।

তারা বলেছেন, ‘আমরা সমতার ভিত্তিতে ফলাফল চাই। বোর্ড থেকে কাউকে ভালো ফল দেওয়াও হয়েছে আর কাউকে কম। অথচ আমরা ভালো লিখেছি। আমরা চাই দ্রুত সময়ে এই ফলাফল বাতিল করে বঞ্চিতদের ফের মূল্যায়ন করা হোক।’

এর আগে ২০ অক্টোবর একই দাবিতে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ভেতরে ঢুকে বিক্ষোভ করেন একদল শিক্ষার্থী। সেদিন শিক্ষার্থীরা বলেন, কর্মসূচি চলাকালে তাদের ওপর হামলা হয়েছে। হামলায় কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। অন্যদিকে বোর্ডের কর্মকর্তারা বলেন, শিক্ষার্থীরা বোর্ডের চেয়ারম্যানের কক্ষে, এমনকি কক্ষের সামনেও ভাঙচুর চালান। তারা দিনভর বোর্ডের কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখেন। পরে রাতে পদত্যাগের ঘোষণা দেন বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত