প্রগতিশীল গণতান্ত্রিক ফোরাম এর চেয়ারম্যান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) ভিপি মো. নাজিম উদ্দিন আর নেই।
গতকাল বুধবার রাত সাড়ে নয়টায় রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর।
মো. নাজিম উদ্দিনের বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেপুর গ্রামে। গত বছর ১৫ অক্টোবর তাঁর নেতৃত্বে নতুন রাজনৈতিক দল ‘প্রগতিশীল গণতান্ত্রিক ফোরাম’ আত্মপ্রকাশ করে।
পারিবারিক সূত্র জানায়, নাজিম উদ্দিন দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন। গত শুক্রবার হাসপাতালে তাঁর কিডনি ট্রান্সপ্লান্টেশন অপারেশন হয়। এরপর থেকে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। বুধবার রাত সাড়ে নয়টার দিকে হাসপাতালের চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর সময় তিনি তিন ছেলে ও স্ত্রী রেখে গেছেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির নেতা-কর্মীরা।
উল্লেখ্য, ১৯৯০ সালে অনুষ্ঠিত চাকসু নির্বাচনে ছাত্রলীগের নেতা হিসেবে ভিপি পদে জয়ী হয়েছিলেন নাজিম উদ্দিন। এখনও তার পরিচিতি চাকসু ভিপি হিসেবে। ছাত্র রাজনীতি ছাড়ার পর নাজিম উদ্দিন বিএনপির রাজনীতিতে সক্রিয় হয়েছিলেন। সর্বশেষ চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সহ-সভাপতি ছিলেন।
পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি নাজিম উদ্দিনের নেতৃত্বে "প্রগতিশীল গণতান্ত্রিক ফোরাম" নামের নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটে। দলটির চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন নাজিম উদ্দিন।
