রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় উত্তরাঞ্চলের কৃষিপণ্যের বাজার বাড়াতে কৃষিপণ্য স্পেশাল ট্রেনের উদ্বোধন করা হয়েছে। প্রথম দিনে কোনো পণ্য ছাড়াই ঢাকার উদ্দেশ্যে দিনাজপুর থেকে ছেড়ে গেছে ট্রেনটি।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল ১০টা ২৬ মিনিটে দিনাজপুর স্টেশনে এসে পৌছায় কৃষিপণ্য স্পেশাল ট্রেনটি। এর আগে সকাল ৭টায় পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেশন থেকে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে।
তবে উদ্বোধনের প্রথম দিন দিনাজপুর থেকে কোনো কৃষিপণ্য ট্রেনটিতে দেওয়া হয়নি। এমনকি কৃষিপণ্য স্পেশাল ট্রেনটির বিষয়ে কৃষকরা কিছুই জানে না।
সদর উপজেলার কাউগাঁ এলাকার কৃষক ক্ষিতিশ চন্দ্র বলেন, ‘বেশিরভাগ সময় শাক-সবজি আমাদের এই গ্রাম থেকে ট্রাকে করে বাইরের পাইকারেরা নিয়ে যায়। আর অল্প কৃষিপণ্য বাহাদুর বাজারে বিক্রি করে দেই। এখন সরকার কৃষিপণ্যের জন্য ট্রেন দিছে। কিন্তু আমরা স্টেশন পর্যন্ত কৃষিপণ্য কীভাবে নিয়ে যাব। এ ব্যাপারে তো আমাদের কেউ কিছু বলে নাই। কোন ধরনের প্রচারণাও করে নাই।’
একই গ্রামে আরেক কৃষক আকমান আলী বলেন, ‘আমরা গ্রাম থেকে পাইকারদের কাছে কম-বেশি দামে শাক-সবজি বিক্রি করি। যা অবশিষ্ট থাকে সেগুলো স্থানীয় বাজারে বিক্রি করে দেই। কিন্তু দিনাজপুর স্টেশন আমাদের গ্রাম থেকে ৭ কিলোমিটার দূরে। এতদূরে গিয়ে কীভাবে ট্রেনে শাক-সবজি দিব। আমরা এ ব্যাপারে কিছুই জানি না।’
শহরের বাহাদুর বাজারের পাইকারী কাচামাল ব্যবসায়ী আরাফাত রহমান বলেন, ‘উত্তরাঞ্চল থেকে কৃষিপণ্য ঢাকাসহ বিভিন্ন জেলায় সরবরাহ করার জন্য স্পেশাল ট্রেন দেওয়া হয়েছে এমন কথা শুনেছি। কিন্তু ট্রেনটিতে কীভাবে পণ্য দিব বা কার সাথে যোগাযোগ করতে হবে এ ব্যাপারে কিছু জানি না। রেলওয়ের লোকজন এখন পর্যন্ত আমার সাথে যোগাযোগ করে নি।’
দিনাজপুর স্টেশন সুপার জিয়াউর রহমান বলেন, ‘উত্তরাঞ্চলের বিভিন্ন সবজি ঢাকায় নেওয়ার জন্য 'কৃষিপণ্য স্পেশাল ট্রেন' সার্ভিসের সিদ্ধান্ত নেয়। প্রতি বৃহস্পতিবার এই বিশেষ ট্রেনটি পঞ্চগড় থেকে সকাল ৭টায় যাত্রা শুরু করবে। ট্রেনটি সকাল ৯টা ২১ মিনিটে দিনাজপুর স্টেশনে পৌঁছাবে যা ৯টা ৫৭ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। প্রথম দিনে কোনো কৃষকের সাড়া পাওয়া যায়নি। আমরা আশা করছি আগামী বৃহস্পতিবার থেকে কৃষকেরা বুকিংয়ের মাধ্যমে তাদের উৎপাদিত সবজি এই বিশেষ ট্রেনের মাধ্যমে ঢাকায় নেবে। সবজি ছাড়াও এই বিশেষ ট্রেনে ফ্রীজিংয়ের ব্যবস্থা আছে যেখানে দুধ বা মাংস জাতীয় পণ্য কোনো ধরনের সমস্যা ছাড়াই পরিবহন করতে পারবেন।’
এলসি ছাড়া আমদানি সহজ করল বাংলাদেশ ব্যাংক
৯ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও দশম শ্রেণির ছাত্র 