নায়ক নয়, অভিনেতাকে চুমু খেতে আপত্তি প্রিয়াঙ্কার

আপডেট : ২৪ অক্টোবর ২০২৪, ০৮:১৯ পিএম

নায়ককে চুমু খেতে আপত্তি নেই কিন্তু অভিনেতা হলেই যত আপত্তি— এভাবেই পুরনো একটি বিষয় সামনে আনলেন অন্নু কাপুর। প্রায় এক যুগ আগে মুক্তি পেয়েছিল বিশাল ভরদ্বাজ পরিচালিত সিনেমা ‘সাত খুন মাফ’। ডার্ক কমেডিতে মোড়া সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া।

সে সময় বিনোদন পত্রিকাগুলো জানিয়েছিল, সিনেমাটির শুটিংয়ের সময় অভিনেতাকে চুমু খেতে রাজি হননি প্রিয়াঙ্কা। অন্নু কাপুরের মতে, তিনি নায়ক হলে প্রিয়াঙ্কার দ্বিধা থাকত না। হয়তো তার মধ্যে নায়কোচিত ব্যক্তিত্ব নেই। তাই অস্বস্তিতে ছিলেন প্রিয়াঙ্কা।

সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে অন্নু জানান, গল্পে তার ইন্সপেক্টর চরিত্রের সঙ্গে প্রিয়াঙ্কার একটি অন্তরঙ্গ দৃশ্য ছিল। পরিচালক বলছিলে,ন প্রিয়াঙ্কা দৃশ্যটি নিয়ে অস্বস্তিতে রয়েছেন। তখন অন্নু কাপুর দৃশ্যটি বাদ দেওয়ার পরামর্শ দিয়েছিলেন। যদিও বিশাল ভরদ্বাজ মনে করেছিলেন দৃশ্যটি চিত্রায়িত হওয়া দরকার।

অভিনেতা জানান, তিনি দৃশ্যটি করেছিলেন, যা কলাকুশলীদের কাছ থেকে প্রশংসা পায়। তা সত্তেও প্রিয়াঙ্কা তাকে চুমু খেতে চায়নি এমন গুজব ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে অন্নু বলেন, তিনি যদি নায়ক হতেন, তাহলে কোনো সমস্যা হতো না। নায়ককে চুমু খেতে কারও সমস্যা নেই। আমার মতো অভিনেতার ‘চকলেট মুখ’ নেই, ব্যক্তিত্ব নেই। সে কারণেই যত সমস্যা।

সাত খুন মাফে প্রিয়াঙ্কা এক অ্যাংলো-ইন্ডিয়ান নারীর চরিত্রে অভিনয় করেছিলেন, যা প্রেম ও বিশ্বাসঘাতকতার ঘটনা কেন্দ্র করে বিস্তার লাভ করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত