আইইবির নতুন কমিটি, রিজু প্রেসিডেন্ট, সাব্বির সম্মানী সাধারণ সম্পাদক

আপডেট : ২৫ অক্টোবর ২০২৪, ১২:৩১ এএম

দেশে পেশাজীবী প্রকৌশলীদের মর্যাদাপূর্ণ একমাত্র প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) এর নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে রিয়াজুল ইসলাম (রিজু) প্রেসিডেন্ট এবং সম্মানী সাধারণ সম্পাদক হয়েছেন মো. সাব্বির মোস্তফা খান।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাতে রাজধানীর রমনায় আইইবি মিলনায়তনে বিশেষ সাধারণ সভায় এই কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইবির সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী খান মনজুর মোরশেদ।

নতুন এই কমিটির মাধ্যমে দীর্ঘ প্রায় এক যুগ ধরে আওয়ামী লীগের কুক্ষিগত করে রাখা প্রকৌশলীদের জাতীয় প্রতিষ্ঠানটি তার স্বকীয়তা ফিরে পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।কমিটির অন্যদের মধ্যে সহ-সভাপতি হিসবে খান মনজুর মোর্শেদ, শেখ আল আমিন, নিয়াজ উদ্দিন ভূইয়া, এটিএম তানভির-উল হাসান তমাল মনোনীত হয়েছেন। 

এ ছাড়া সম্মানী সহ-সাধারণ সম্পাদক পদে মনোনিত হয়েছেন মো. নূর আমিন,  সাব্বির আহমেদ ওসমানি এবং মুহাম্মাদ আহসানুল রাসেল। 

অন্যদিকে ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান হেলাল উদ্দিন তালুকদার এবং সম্মানী সম্পাদক হিসেবে মনোনিত হয়েছেন কে এম আসাদুজ্জামান। আর ভাইস চেয়ারম্যান হয়েছেন আব্দুল্লা আল মামুন ও মো. কামরুল হাসান।

সভায় এ্যাবে’র মহাসচিব আলমগীর হাসিন আহমেদসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় ২ হাজার প্রকৌশলী উপস্থিত ছিলেন। 

বক্তারা বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের কিছু ব্যক্তি আইইবি দখল করে লুটপাট ও দুর্নীতির আখড়ায় পরিণত করেছে। এখানকার কর্মীদের বেতন দিতে পারছে না। উন্নয়ন কাজ করা যাচ্ছে না। বিগত ১০ বছর ধরে যারা এ প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে, লুটে পুটে খেয়েছে তাদের বিচারের আওতায় আনতে হবে।

আইইবিতে যত অনিয়ম দুর্নীতি হয়েছে তার শ্বেতপত্র প্রকাশ করার আহ্বান জানান প্রকৌশলীরা। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত