হত্যা মামলায় জাকির কামাল ও হেলালুদ্দীন রিমান্ডে

আপডেট : ২৬ অক্টোবর ২০২৪, ০৭:৩২ এএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুরে এক ইলেকট্রিশিয়ানকে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনকে তিন দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। এ ছাড়া আলাদা দুই হত্যা মামলায় নির্বাচন কমিশনের (ইসি) সাবেক সচিব হেলালুদ্দীন আহমদকে চার দিন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাবেক সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দীনকে তিন দিনের রিমান্ড রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল শুক্রবার ঢাকার মহানগর হাকিম নাজমিন আক্তার তিনটি মামলায় আলাদাভাবে এ চারজনের জামিনের আবেদন নাকচ করে দিয়ে রিমান্ড মঞ্জুর করেন। সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেনকে মোহাম্মদপুরে শামীম হাওলাদার নামে এক ইলেকট্রিশিয়ানকে গুলি করে হত্যা মামলায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) রাজু আহম্মেদ তার পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় মোহাম্মদপুর থেকে জাকির হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ২০ জুলাই মোহাম্মদপুর থানাধীন বেড়িবাঁধ এলাকায় গুলিবিদ্ধ হন শামীম হাওলাদার। তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এদিকে বিএনপিকর্মী মকবুল হোসেনকে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক সচিব হেলালুদ্দীন আহমদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার এসআই নাজমুল হাছান তার ১০ দিনের রিমান্ডের আবেদন করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত