এই তো সেদিন ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হয়েছিল পাকিস্তান। এবার ফিরতি সিরিজেই তারা ইংল্যান্ডকে গুঁড়িয়ে দিল। শেষ দুই টেস্ট জিতে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে শান মাসুদের দল। তিন ম্যাচে মোট ১৯ উইকেটের পাশাপাশি ব্যাট হাতে ৭২ রান করে সিরিজসেরা হয়েছেন সাজিদ খান।
রাওয়ালপিন্ডিতে আজ শনিবার ইংল্যান্ডকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে পাকিস্তান। সফরকারীদের দ্বিতীয় ইনিংস মাত্র ১১২ রানে গুটিয়ে যাওয়ায় স্বাগতিকদের টার্গেট দাঁড়িয়েছিল মাত্র ৩৬ রানের। ৩.১ ওভারেই সেই রান তুলে ফেলে পাকিস্তান। ১০ উইকেটে জেতাটাই স্বাভাবিক ছিল, কিন্তু সাইম আইয়ুব (৮) এলবিডাব্লিউ হয়ে যাওয়ায় ৯ উইকেটের জয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে।
মোটাদাগে বলতে গেলে, পাকিস্তানকে এবার সিরিজ জিতিয়েছেন দুজন- নোমান আলী ও সাজিদ খান। শেষ দুই টেস্টে ইংল্যান্ডের ৪০ উইকেটের মধ্যে ৩৯টিই পেয়েছেন এই দুই স্পিনার। অন্য উইকেটটি পেয়েছেন জাহিদ মেহমুদ, যিনি নিজেও একজন স্পিনার। মূলত: পাকিস্তানি স্পিনার সামনেই অসহায় আত্মসমর্পণ করেছে বেন স্টোকসের দল। ম্যাচসেরা হয়েছেন দুর্দান্ত সেঞ্চুরি করা সৌদ শাকিল।
২০১৫ সালের পর এই প্রথম ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতল পাকিস্তান। ঘরের মাঠে টেস্ট সিরিজ জিতল ২০২১ সালের পর। টেস্ট ইতিহাসে দ্বিতীয়বার ও দেশের মাটিতে প্রথমবার পিছিয়ে থেকে তারা এই সিরিজ জিতেছে। এর আগে সর্বশেষ ১৯৯৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে হারের পর শেষ দুই টেস্ট জিতে সিরিজ নিশ্চিত করেছিল পাকিস্তান।
‘কাছের মানুষ’ কিরণকে নিয়েই ব্যস্ত ছিলেন কাজী সালাউদ্দিন
তিন ফরম্যাটের অধিনায়কত্ব ছাড়ছেন নাজমুল হোসেন শান্ত
বিপিএলে এবার ‘অনেক ভালো কিছু’ করতে চান ঢাকার কোচ সুজন