হাসনাত আবদুল্লাহর ছেলে মঈন পাঁচ দিনের রিমান্ডে

আপডেট : ২৬ অক্টোবর ২০২৪, ০৪:৪১ পিএম

যুবদল নেতা শামীম হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই এবং সাবেক সংসদ সদস্য আবুল হাসনাত আবদুল্লাহর ছেলে সেরনিয়াবাত মঈন উদ্দিন আবদুল্লাহকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাগীব নূরের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এদিন তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক তন্ময় কুমার বিশ্বাস তার ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন।

এর আগে শুক্রবার (২৫ অক্টোবর) দিনগত রাত সাড়ে ৩টার দিকে সেরনিয়াবাত মঈন উদ্দিন আব্দুল্লাহকে রাজধানীর গুলশান-২ থেকে গ্রেপ্তার করা হয়।

২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী ঢাকায় মহাসমাবেশ ডাকে। মহাসমাবেশকে পণ্ড করার জন্য একই দিনে আওয়ামী লীগ পাল্টা সমাবেশ ডাকে। বিএনপি নেতাকর্মীদের হত্যা ও গুম করার উদ্দেশ্যে পুলিশের সহায়তায় মহাসমাবেশে হামলা চালানো হয়। হামলায় যুবদল নেতা শামীম নিহত হন। এ ঘটনায় ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় একটি মামলা করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত