সিংগাইরে মমতাজ-টুলুসহ ১০৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা

আপডেট : ২৬ অক্টোবর ২০২৪, ০৫:৫১ পিএম

মানিকগঞ্জের সিংগাইরে প্রায় একযুগ আগে ৪ হত্যাকাণ্ডের ঘটনায় মানিকগঞ্জ-২ আসনের সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ বেগম ও দেওয়ান জাহিদ আহমেদ টুলুসহ (সাবেক স্বতন্ত্র এমপি) ১০৯ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ৫০০-৬০০ জনকে।

শনিবার (২৬ অক্টোবর) সকালে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে শুক্রবার (২৫ অক্টোবর) সিংগাইর পৌর এলাকার গোবিন্দল গ্রামের নিহত নাজিম উদ্দিন মোল্লার পিতা মজনু মোল্লা (৬০) বাদী হয়ে এ হত্যা মামলাটি দায়ের করেন।

মামলায় উল্লেখযোগ্য অন্যান্য আসামিরা হলেন জেলা আ. লীগের সহসভাপতি হাজী আ. মাজেদ খান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুশফিকুর রহমান খান হান্নান, সিংগাইর পৌরসভার সাবেক মেয়র মীর মো. শাহজাহান, উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান মো. সায়েদুল ইসলাম, উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক মো. শহিদুর রহমান শহিদ, পৌরসভার সদ্য সাবেক মেয়র আবু নইম মো. বাশার, পৌরসভার সাবেক কমিশনার আব্দুস সালাম খান, মো. সমেজ উদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি মো. তমিজ উদ্দিন, সাধারণ সম্পাদক মো. রমিজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক অ্যাড. লুৎফর রহমান ও মো. আব্দুল বারেক খান এবং বায়রা ইউপি চেয়ারম্যান দেওয়ান জিন্নাহ লাঠু।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৩ সালে ২৪ ফেব্রুয়ারি ইসলাম ও সমমনা দলের পূর্বঘোষিত সকাল-সন্ধ্যা হরতাল ছিল। সিংগাইর গোবিন্দল নতুন বাজার চার রাস্তার মোড়ে হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কে হরতালের সমর্থনে সাধারণ মানুষের উপস্থিতিতে জনসমাবেশে আসামিদের গুলিতে নাজিম উদ্দিন মোল্লাসহ চারজন মারা যান। আসামিরা তৎকালীন সরকার দলীয় প্রভাবশালী লোক হওয়ায় কর্তৃপক্ষ মামলা না নেওয়ায় আওয়ামী লীগ সরকারের পতনের পর মামলা দায়ের করা হয়।

দ্রুত আসামিদের গ্রেপ্তার করে বিচারের আওতায় এনে যথাযথ শাস্তির দাবি জানান মামলার বাদী মো. মজনু মোল্লা।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম বলেন, মামলার বিষয়ে যথাযথ তদন্তপূর্বক পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত