বাফুফে নির্বাচনে সভাপতি হিসেবে শুরুতেই নির্বাচিত হয়েছেন তাবিথ আউয়াল। সিনিয়র সহসভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ইমরুল হাসান।
সহসভাপতির চার পদেও তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর নির্বাচিত হয়েছেন নাসের শাহরিয়ার জাহেদী, ফাহাদ মোহাম্মদ আহমেদ করিম, সাব্বির আহমেদ আরেফ আর ওয়াহিদউদ্দীন চৌধুরী হ্যাপি।
১৫ নির্বাহী কমিটির সদস্য পদের জন্য লড়েছেন
৩৭ জন প্রার্থী। এদের মধ্যে সর্বোচ্চ ৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সাবেক অধিনায়ক মো. ইকবাল হোসেন। ৯৬ ভোট পেয়ে দ্বিতীয় হিসেবে নির্বাচিত হন নারী ফুটবল দলের ম্যানেজার আমীরুল ইসলাম বাবু। এই দুজনই ২০২০ নির্বাচনে পরাজিত হয়েছিলেন। প্রথমবারের মতো বাফুফের নির্বাচনে এসে চমক দেখিয়েছেন সাবেক তারকা গোলাম গাউছ। তিনি তৃতীয় হয়েছেন ৯২ ভোট পেয়ে। পুরনোদের মধ্যে বেশিরভাগই এবারও নির্বাচনে জয় পেয়েছেন। যাদের অন্যতম নারী ফুটবল কমিটির আলোচিত চেয়ারম্যান ও বিদায়ী সভাপতি কাজী সালাউদ্দিনের কাছের মানুষ মাহফুজা আক্তার কিরণ। তিনি অস্টম হয়েছেন ৮১ ভোট পেয়ে। এ ছাড়া গত কমিটির সদস্য মাহিউদ্দিন আহমেদ সেলিম (৮৮), টিপু সুলতান (৮৭), জাকির হোসেন চৌধুরী (৮২), সত্যজিৎ দাশ রুপু (৭৬), ইমতিয়াজ হামিদ সবুজ (৭২) ও বিজন বড়ুয়া (৬২) নির্বাচিত হন। নতুনদের মধ্যে বিজয়ীরা হলেন মঞ্জুরুল করিম (৮৬), কামরুল হাসান হিলটন (৮০) ও সাখাওয়াত হোসেন ভূঞা শাহীন (৬৬)। জাতীয় দলের তারকা গোলকিপার ছাইদ হাছান কানন (৬৭) অনেক দিন পর নির্বাচিত হয়েছেন। সাবেক ফুটবলার সাইফুর রহমান মনি ও চুয়াডাঙ্গা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মো. এখলাছ উদ্দীন সমান ৬১ ভোট পাওয়ায় ১৫তম সদস্য হতে তাদের মধ্যে হবে উপনির্বাচন, যার তারিখ পরে ঘোষণা করা হবে।
এদিকে এই নির্বাচনে প্রার্থী হয়ে আলোচনায় এসেছিলেন ফিফা ও বাফুফের নিষেধাজ্ঞা পাওয়া বাফুফের সাবেক সাধারণ সম্পদাক আবু নাইম সোহাগের সহধর্মিণী তাসমিয়া রেজোয়ানা। নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে গত কয়েক দিন স্ত্রীর জন্য ভোট চেয়েছেন সোহাগ। তবে তার স্ত্রী ৩৪ ভোট পেয়ে বিজয়ী হতে পারেননি। এ ছাড়া বাংলাদেশ জাতীয় দলের ম্যানেজার ও গত কমিটির সদস্য আমের খান পারেননি জিততে।
বাফুফের নির্বাহী কমিটি
সভাপতি: তাবিথ আউয়াল
সিনিয়র সহসভাপতি: ইমরুল হাসান
সহসভাপতি: নাসের শাহরিয়ার জাহেদী, ফাহাদ মোহাম্মদ আহমেদ করিম, ওয়াহিদউদ্দীন চৌধুরী হ্যাপি, সাব্বির আহমেদ আরেফ।
সদস্য: ইকবাল হোসেন, আমিরুল ইসলাম, গোলাম গাউস, মহিউদ্দিন আহমেদ সেলিম, টিপু সুলতান, মনজুরুল করিম, জাকির হোসেন চৌধুরী, মাহফুজা আক্তার কিরণ, কামরুল হাসান হিল্টন, সত্যজিৎ দাশ রুপু, ইমতিয়াজ হামিদ সবুজ, সাখাওয়াৎ হোসেন ভূঁইয়া, বিজন বড়ুয়া, ছাইদ হাসান কানন, মোহাম্মদ এখলাছউদ্দীন অথবা সাইফুর রহমান মনি।
