সাবেক আইজিপি মামুনসহ ১৭ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • ট্রাইব্যুনালে এই ১৭ জনকে হাজিরের নির্দেশনা চেয়ে আবেদন করেন চিফ প্রসিকিউটর
  • ওই ১৭ জনকে গ্রেপ্তার করে আগামী ২০ নভেম্বর হাজির করতে নির্দেশ দেওয়া হয়েছে
আপডেট : ২৭ অক্টোবর ২০২৪, ০৩:০৩ পিএম

জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গণহত্যার অভিযোগে পুলিশের সাবেক প্রধান (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনসহ ১৭ সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রোববার (২৭ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।

ট্রাইব্যুনালে পুলিশের সাবেক ১৭ কর্মকর্তাকে হাজিরের নির্দেশনা চেয়ে আবেদন করেন চিফ প্রসিকিউটর মো. তাজুল। তিনি ট্রাইব্যুনালের সামনে এক ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেছেন।

ওই ১৭ জনকে গ্রেপ্তার করে আগামী ২০ নভেম্বর হাজির করতে নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে জুলাই-আগস্ট গণহত্যায় ট্রাইব্যুনালে গ্রেপ্তার দেখানো হয়েছে আওয়ামী লীগ সরকারের সাবেক কয়েকজন মন্ত্রীসহ ১৪ জনকে। তাঁদের আগামী ১৮ নভেম্বর ট্রাইব্যুনালে হাজির করা হবে।

এরআগে গত ১৭ অক্টোবর জুলাই–আগস্টে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রথম আদেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। তাঁদের আগামী ১৮ নভেম্বরের মধ্যে গ্রেপ্তার করে হাজির করতে নির্দেশ দেওয়া হয়।

২০১০ সালের ২৫ মার্চ গঠন করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মানবতাবিরোধী অপরাধের বিচারের লক্ষ্যে গঠিত ট্রাইব্যুনালে ১৪ বছরে ৫৫টি রায় দেওয়া হয়। দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর ট্রাইব্যুনালে গত ১৪ অক্টোবর বিচারক হিসেবে তিনজনকে নিয়োগ দেয় অন্তর্বর্তীকালীন সরকার।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত