কবরস্থান দখল করে মাদ্রাসা-এতিমখানা, উদ্ধার চেয়ে মানববন্ধন

আপডেট : ২৭ অক্টোবর ২০২৪, ০৭:২৪ পিএম

কুমিল্লায় একটি শতবর্ষী কবরস্থান দখল করে বাবার নামে মাদ্রাসা ও এতিমখানা তৈরির অভিযোগ উঠেছে জেলা আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) মুজিবুর রহমানের বিরুদ্ধে। এ ঘটনায় কবরস্থানটি উদ্ধারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা।

রোববার (২৭ অক্টোবর) দুপুরে কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর মধ্যমপাড়া এলাকায় এ মানববন্ধন হয়। অভিযুক্ত আইনজীবী মুজিবুর রহমান ওই এলাকার মৃত মহব্বত আলীর ছেলে।

মানববন্ধনে স্থানীয়রা বলেন, উত্তর যাত্রাপুর মৌজার ১ নম্বর খাস খতিয়ানের সাবেক ৩৫৭ এবং হাল দাগ ৮৯৯-এর ২৩ শতক জমিটি সরকারি। এ জমিতে পীরযাত্রাপুর মধ্যমপাড়া আবীর মান্দারবাড়ির পারিবারিক কবরস্থান। শতবছরের প্রাচীন এই কবরস্থানটি দখল করে নিজের বাবার নামে পীর মহব্বত আলী দারুল ইসলাম মাদ্রাসা ও এতিমখানা তৈরি করেন সাবেক পিপি মুজিবুর রহমান। এতে বাধা দিলে স্থানীয় ১৮ জনের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি শুরু হয়। জেলা পিপি হওয়ার সুবাদে মুজিবুর রহমান ক্ষমতার অপব্যবহার করে ওই মাদ্রাসাটিতে সরকারি বিভিন্ন বরাদ্দ আনিয়ে তা আত্মসাৎ করেছেন।

তারা জানান, যে এতিমখানা করা হয়েছে সেখানে একজনও এতিম নেই। ২০-২২ জন শিশু ভর্তি থাকলেও সবার কাছ থেকে ৫০০-১৫০০ টাকা চাঁদা নেওয়া হয়। কিন্তু প্রতিষ্ঠার পর থেকেই সরকারি ক্যাপিটেশন গ্রান্ট প্রাপ্ত হয়ে প্রতি বছর ৭ লাখ ২০ হাজার টাকা করে আনা হচ্ছে। সেসব টাকার পুরোটাই সমাজসেবা অফিসের যোগসাজশে আত্মসাৎ করেছেন মুজিবুর রহমান।

গ্রামের বাসিন্দা রমিজ উদ্দিন (৯০) বলেন, মাদ্রাসা আমাদের পারিবারিক কবরস্থান দখলের পর করা হয়েছে। এখানে আমার বাবা-মা ভাইসহ অন্তত ১৫০ জন মানুষের কবর রয়েছে।  আমি আমার বাবা-মায়ের কবর জিয়ারত করতে পারি না। 

একই এলাকার জয়নাল আবেদিন বলেন, আমরা ছোটবেলা থেকেই দেখে এসেছি এখানে অনেককে কবর দিতে। কিন্তু মুজিবুর রহমান জোর করে সেখানে দখল নেন। আমরা বাধা দিতে গেলে মিথ্যা একটি মামলা দিয়ে হয়রানি করছেন।

এদিকে অভিযুক্ত সাবেক পিপি মুজিবুর রহমান সরকার পতনের পর থেকে আত্মগোপনে রয়েছেন। তার ব্যবহৃত মোবাইল নম্বর বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। 

পীরযাত্রাপুর ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, উত্তর যাত্রাপুর মৌজার ৮৯৯ দাগের জমিটি বিএস খতিয়ানে সরকারি জমি হিসেবে লিপিবদ্ধ আছে। এটি বিএস খতিয়ানে কবরস্থান এবং আরএস খতিয়ানে গবাদি পশুর যাওয়া আসার রাস্তা হিসেবে সরকারি জমি। জায়গাটি সাবেক পিপি মুজিবুর রহমান জবরদখল করেছেন। সরকার থেকে দেওয়া হয়নি। 

বুড়িচং উপজেলার সহকারী কমিশনার ভূমি সোনিয়া হক বলেন, বিষয়টি এখনই জেনেছি। খোঁজ নিয়ে বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত