এমরান সালেহ প্রিন্স

সরকারকে বন্যাপরবর্তী পুনর্বাসন দ্রুত শুরু করার আহ্বান

আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ০৬:২১ পিএম

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বন্যাপরবর্তী পুনর্বাসন কার্যক্রম অতি দ্রুত শুরু করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ভয়াবহ বন্যায় এবার ব্যাপক ক্ষতি হয়েছে। সরকার যদি ক্ষতিগ্রস্ত মানুষের পাশে ব্যাপক পুনর্বাসন কার্যক্রম নিয়ে না দাঁড়ায়, তবে মানুষের দুর্দশার শেষ থাকবে না।

সোমবার সকালে ধোবাউড়া উপজেলার গামারীতলা ইউনিয়নের কলসিন্দুর কলেজ মাঠে ও দুপুরে দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের চারুয়াপাড়া বাজারে বন্যায় ফসলহারা কৃষকের মাঝে রবিশস্যের বীজ বিতরণ করেন। এছাড়াও তিনি আজ সকালে গামারীতলায় কলসিন্দুর কলেজ মাঠে রোগাক্রান্ত বন্যার্ত মানুষের সুচিকিৎসার জন্য ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদল আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন। 

এমরান সালেহ প্রিন্স বলেন, বড়-ছোট সব ধরণের কৃষক এবার ক্ষতিগ্রস্ত হয়েছেন। যারা শত শত মন ধান উঠাতেন, তারাও যেমন ফসল হারিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন, ঠিক তেমনি বর্গাচাষীরাও ক্ষতিগ্রস্ত হয়েছেন। 

তিনি সকারের প্রতি ক্ষতিগ্রস্ত মানুষের সার্বিক সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, বিএনপি সর্বশক্তি দিয়ে ত্রাণ পুনর্বাসন, এমনকি চিকিৎসাসেবা নিয়ে এগিয়ে এসেছে। একা বিএনপির পক্ষে এতবড় বিপর্যয় মোকাবেলা করা সম্ভব নয়। বন্যার পানি নেমে যাবার সময় বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। সরকারি উদ্যোগে এলাকাভিত্তিক জরুরি স্বাস্থ্যসেবা কার্যক্রমও শুরু করা উচিৎ। 

বিএনপি সরকারে না থেকেও আর্তমানবতার সেবায় কাজ করছে জানিয়ে তিনি বলেন, বিএনপি সরকার কিংবা বিরোধী দল যে অবস্থানেই থাকুক, জনগণের আর্তমানবতার সেবায় নিয়োজিত থাকে। সঠিক এবং ইতিবাচক রাজনীতি করে। শুধু কথায় নয়, প্রকৃত অর্থে মানুষের কল্যাণ চায় বিএনপি।

এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, আনিসুর রহমান মানিক, মোয়াজ্জেম হোসেন খান লিটন, ফরহাদ রাব্বানী সুমন, ধোবাউড়া উপজেলা বিএনপি নেতা হাবিবুর রহমান, আব্দুল কুদ্দুস, ওয়াহেদ তালুকদার,আব্দুল হাশিম, আব্দুস শহীদ, গাজীউর রহমান, শাহ মেম্বার, আবদুল মমিন শাহীন, রুহুল আমিন প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত